সিলেটি: ভাষা না উপভাষা?

Share this:
এটি একটি ভাষাতাত্ত্বিক, তাত্ত্বিক ও সমাজ ভাষা বৈজ্ঞানিক বিশ্লেষণ। আলোচিত প্রবন্ধে ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, পারস্পরিক বোধগম্যতা, ঐতিহাসিক পটভূমি এবং সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট ও সমাজভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে সিলেটি: ভাষা বনাম উপভাষা বিতর্কটি পর্যালোচনা করা হয়েছে।

সারসংক্ষেপ (Abstract)
সিলেটি বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চল এবং ভারতের আসামের বরাক উপত্যকায় ব্যবহৃত একটি গুরুত্বপূর্ণ ভাষারূপ। দীর্ঘদিন ধরে এটি বাংলা ভাষার উপভাষা হিসেবে বিবেচিত হলেও আধুনিক ভাষাবিজ্ঞানীদের কেউ কেউ এর স্বাতন্ত্র্যকে গুরুত্ব দিয়ে একে পৃথক ভাষা হিসেবে দেখার প্রবণতা দেখাচ্ছেন। এই প্রবন্ধে সিলেটির ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য, পারস্পরিক বোধগম্যতা, ঐতিহাসিক পটভূমি এবং সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপট ও সমাজভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণের মাধ্যমে ভাষা বনাম উপভাষা বিতর্কটি পর্যালোচনা করা হয়েছে।

মুখ্যশব্দ (Keyword)
পারস্পরিক বোধগম্যতা; প্রতীকী ক্ষমতা; ভাষাগত ধারাবাহিকতা; ভাষার মর্যাদা; সীমান্তবর্তী ভাষারূপ ।

১. ভূমিকা (Introduction)
ভাষা ও উপভাষার পার্থক্য নির্ধারণ ভাষাবিজ্ঞানের একটি জটিল এবং বহুমাত্রিক সমস্যা। ভাষাগত স্বরূপ বিচারে সাধারণত পারস্পরিক বোধগম্যতা (Mutual Mntelligibility), ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণগত বৈশিষ্ট্য, এবং সামাজিক-রাজনৈতিক স্বীকৃতি-এই তিনটি মানদণ্ড ব্যবহৃত হয়। ভাষাবিদ ও সমাজভাষাবিজ্ঞানী ম্যাক্স ওয়াইনরিকের বিখ্যাত ‘A language is a dialect with an army and a navy’ উক্তিটি ভাষা নির্ধারণে রাজনৈতিক ও সামাজিক ক্ষমতার গুরুত্বকে তুলে ধরে। দক্ষিণ এশিয়ার ভাষিক বাস্তবতায় এই প্রশ্ন আরও জটিল, যেখানে ভাষার ধারাবাহিকতা (Dialect Continuum) অনেক ভাষার ক্ষেত্রে বিদ্যমান। সিলেটি ভাষার ক্ষেত্রেও এই তিনটি মানদণ্ডে ভিন্ন ভিন্ন ফলাফল পাওয়া যায়, যা বিতর্ককে জটিল করে তুলেছে। সঙ্গত কারণে প্রশ্ন উঠেছে এটি কি বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ, নাকি একটি স্বতন্ত্র ভাষা? যদিও প্রশ্নের উত্তর নির্ভর করে বিভিন্ন ভাষাতাত্ত্বিক, সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক মানদণ্ডের ওপর। এই গবেষণার উদ্দেশ্য হচ্ছে:

১) সিলেটি ভাষার ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য বিশ্লেষণ;

২) পারস্পরিক বোধগম্যতার প্রশ্ন মূল্যায়ন;

৩) ভাষা ও ক্ষমতা সম্পর্কের স্বরূপ;

৪) ভাষার মর্যাদা বিচার;

৫) ঐতিহাসিক ও সমাজভাষাবৈজ্ঞানিক প্রেক্ষাপট পর্যালোচনা এবং

৬) ভাষা বনাম উপভাষা বিতর্কের সমন্বিত অবস্থান নির্ধারণ করা।

২. গবেষণা পদ্ধতি (Methodology)
এই গবেষণায় গুণগত (qualitative) পদ্ধতি অনুসরণ করা হয়েছে। গবেষণায় তথ্য-উপাত্তের উৎস প্রাথমিক (Primary) ও দ্বিতীয়িক (Secondary) উভয় ধরনের। প্রাথমিক উৎস হচ্ছে সিলেটের মানুষের বুলিভাণ্ডার এবং লোকসাহিত্য, আধুনিক সাহিত্য, নাটক ও চলচ্চিত্রের ভাষাতথ্য। দ্বিতীয়িক উৎস হচ্ছে উপভাষাতত্ত্ব, ভাষাবিজ্ঞান বিষয়ক গ্রন্থ ও প্রবন্ধ, ধ্বনিতাত্ত্বিক ও ব্যাকরণগত গবেষণা, সমাজভাষাবৈজ্ঞানিক আলোচনা, ঐতিহাসিক দলিল-দস্তাবেজ ও ভাষার বিবর্তনধারা। গবেষণায় বর্ণনা ও বিশ্লেষণে Descriptive Linguistics, Comparative Method এবং Sociolinguistic Framework ব্যবহৃত হয়েছে।

 

১৩১৭ বঙ্গাব্দে প্রকাশিত অচ্যুতচরণ চৌধুরীকৃত শ্রীহট্টের ইতিবৃত্ত গ্রন্থে ব্যবহৃত তৎকালীন সিলেটের মানচিত্র

৩. তাত্ত্বিক কাঠামো (Theoritical Frame work)
ভাষাবিজ্ঞান ও  উপভাষাতত্ত্বের মৌলিক তত্ত্বগুলো ছাড়াও ভাষা ও উপভাষার পার্থক্য নির্ধারণে প্রধান যে-তিনটি মানদণ্ড ভাষাতাত্ত্বিক স্বাতন্ত্র্য (Linguistic Features), পারস্পরিক বোধগম্যতা (Mutual Intelligibility) ও সামাজিক-রাজনৈতিক স্বীকৃতি (Sociopolitical Recognition) গবেষণার তাত্ত্বিক কাঠামোতে তা প্রযুক্ত হয়েছে। উপভাষা বিচারে Dialect Continuum-এ দক্ষিণ এশিয়ার ভাষাগুলোতে যে-ধারাবাহিকতা বিদ্যমান, যেখানে এক অঞ্চল থেকে অন্য অঞ্চলে ভাষা ধীরে ধীরে পরিবর্তিত হয় সে-তত্ত্বও প্রযুক্ত হয়েছে। ভাষারীতি ও মর্যাদার প্রশ্নে ডাইগ্লসিয়া-তত্ত্বও (Diglossia) প্রযুক্ত হয়েছে। এছাড়াও ভাষাগত মতাদর্শ (Language Ideology), বচন ও ক্ষমতা (Discourse and Power), ভাষাগত পুঁজি ও প্রতীকী ক্ষমতা (Linguistic Capital and Symbolic Power), ভাষা ও জাতিসত্তা (Language and Ethnicity) প্রভৃতি তত্ত্বের প্রয়োগ করা হয়েছে।

৪. সিলেটের ভূগোল, জনগোষ্ঠী ও ভাষা-পরিস্থিতি
২৩০৫৯-২৫০১৩ উত্তর অক্ষাংশ ও ৯০০৫৪-৯২০২৯ পূর্ব দ্রাঘিমাংশে অবস্থিত শ্রীহট্ট বা সিরহট, সিলহট বা অধুনা সিলেট ভূখণ্ডটি ভৌগোলিক বৈশিষ্ট্যে বাংলাদেশের স্বতন্ত্র অঞ্চল। পাহাড় ও অববাহিকাবেষ্টিত সিলেটের অবস্থিতি বাংলাদেশের উত্তর-পূর্ব সীমান্তে। উত্তরে খাসিয়া ও জৈন্তিয়া পাহাড়, পূর্বে ভারতের কাছাড় পাহাড়, দক্ষিণে লুসাই ও ত্রিপুরা পাহাড় এবং পশ্চিমে বৃহত্তর ময়মনসিংহ ও ব্রাহ্মণবাড়িয়া জেলা। সমগ্র অঞ্চলটির আয়তন প্রায় ১২, ৫৯৬ বর্গকিলোমিটার। প্রশাসনিকভাবে সুনামগঞ্জ (উত্তর-পশ্চিম), হবিগঞ্জ (দক্ষিণ-পশ্চিম), মৌলভী বাজার (দক্ষিণ) ও সিলেট সদর (পূর্বাংশ) এই চার ভাগের চার জেলায় বিভক্ত। সিলেটের অপর অংশটি আসামের করিমগঞ্জের সঙ্গে যুক্ত। ১৯৪৭ সালের গণভোটের আগ পর্যন্ত সিলেট কখনো আসাম, কখনো বাংলার অংশ ছিল। সিলেটের জনসংখ্যা প্রায় ১০ মিলিয়ন। নৃতাত্ত্বিক পরিচয়ের দিক থেকে সিলেটের জনগোষ্ঠী বাঙালির নৃতাত্ত্বিক পরিচয়ের সঙ্গে যুক্ত এবং সাংস্কৃতিক পরিচয়েও বাঙালি। বাঙালি জনগোষ্ঠী ছাড়াও এখানে নানা নৃগোষ্ঠীর মানুষের বসবাস রয়েছে। এদের মধ্যে মণিপুরী, খাসিয়া, সিন্টেং, ত্রিপুরা, গারো, পাত্র, লুসাই, কুকি, খুমী উল্লেখযোগ্য। এছাড়াও সিলেটের চা-বাগান সমূহে বিভিন্ন জনজাতির মিশ্রণ রয়েছে। তাই বলা যায় সিলেট একটি বহু সাংস্কৃতিক ও বহু-নৃগোষ্ঠীর মিলন ভূমি।

বিভিন্ন জনগোষ্ঠীর লোকধর্মে বিশ্বাস ও আচারের বাইরে সিলেটের মানুষের প্রধান ধর্ম ইসলাম, সনাতন ও খ্রিষ্টধর্ম। এসব ধর্মীয় সম্প্রদায় আবার নানা উপসম্প্রদায়, গোত্র ও জাতিতে বিভক্ত। সিলেটের হিন্দুদের মধ্যে যেমন জাতিভেদ রয়েছে, মুসলমান সমাজেও সামাজিক মর্যাদা অনুযায়ী কুলপরিচয় রয়েছে। মুসলমানদের মধ্যে শিয়া সম্প্রদায় হাতেগোনা। সিলেটের হিন্দু-সংস্কৃতিতে মৈথিল ব্রাহ্মণের প্রভাব বেশি বলে গবেষকদের ধারণা এবং মুসলমানদের সংস্কৃতিতে আফগানি প্রথার ছাপ বিদ্যমান (মনিরুজ্জামান, ১৯৯৪ : ৪২৬)।

… ভাষাতথ্য, তত্ত্ব ও আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, সিলেটি ভাষার অবস্থানকে ভাষা ও উপভাষার প্রচলিত দ্বৈত কাঠামোর মধ্যে সম্পূর্ণভাবে সীমাবদ্ধ করা সম্ভব নয়। এর ধ্বনিগত, রূপমূলগত, শব্দভাণ্ডারগত ও ব্যাকরণিক স্বাতন্ত্র্য; সীমিত পারস্পরিক বোধগম্যতা, ঐতিহাসিক বিকাশ এবং শক্তিশালী সাংস্কৃতিক-পরিচয়গত ভূমিকা একে স্বতন্ত্র ভাষার বৈশিষ্ট্যের দিকে নির্দেশ করে। একই সঙ্গে প্রমিত বাংলার সঙ্গে এর ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্ক, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির সীমাবদ্ধতা এবং প্রশাসনিক-শিক্ষাগত প্রাধান্য এটিকে পূর্ণাঙ্গ স্বতন্ত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে বাধা সৃষ্টি করে। অর্থাৎ, এটি একদিকে বাংলা ভাষার সঙ্গে গভীরভাবে যুক্ত, আবার অন্যদিকে নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র। এই পরিস্থিতিতে আধুনিক ভাষাবিজ্ঞানের ‘Language Continuum’ ধারণা অনুযায়ী সিলেটি ভাষিক রূপ Language-Dialect continuum-এর মধ্যে অবস্থান করে বলে একে স্বতন্ত্র ভাষারূপ (Variety) চিহ্নিত করা যায়। অর্থাৎ, সমাজভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সিলেটিকে একটি স্থির শ্রেণিতে নয়, বরং একটি ধারাবাহিকতার (Continuum) মধ্যে অবস্থানকারী সীমান্তবর্তী ভাষারূপ (Borderline/Transitional Linguistic Variety) হিসেবে বিবেচনা করা অধিক যুক্তিসঙ্গত। এই অবস্থান ভাষা ও উপভাষার কঠোর বিভাজনকে অতিক্রম করে আধুনিক ভাষাবিজ্ঞানের গতিশীল ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।

সিলেটের জনগোষ্ঠীর পরিচয় নিজেদের ও অন্যদের কাছে ‘সিলেটি’ নামে নামে পরিচিত। রাজনৈতিক সীমানার বাইরে সিলেটিদের অবস্থান ভারতের আসামের বরাক উপত্যকা ছাড়াও গৌহাটি, মেঘালয়ের শিলং, ত্রিপুরার আগরতলা, বিহারের কিছু গ্রাম; মধ্যপ্রাচ্য, আমেরিকা, কানাডার বিভিন্ন অঞ্চলে রয়েছে। বিশেষ করে গ্রেট বৃটেনে (বিলেতে) সিলেটিদের বসবাস সর্বাধিক উল্লেখযোগ্য। কারণ প্রায় একশ বছরের অবিভাসন-প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয়ে ব্রিটিশ হওয়া সত্ত্বেও আত্মপরিচয়ে নিজেরা এমনকি তৃতীয় প্রজন্মও সিলেটি পরিচয়ের দাবিদার।

নিজ অঞ্চল, দেশে ও বিদেশে সিলেটিদের মাতৃভাষা ‘সিলেটি’। নিজের ভাষাকে তারা সিলেটি বলে অভ্যস্ত। অন্যরাও একই নামে আখ্যা দিয়েছেন। সেদিক থেকে সারা পৃথিবীতে সিলেটি ভাষাীদের সংখ্যা দাঁড়ায় প্রায় ১১-১২ মিলিয়নের মতো। সিলেটি শুধু সিলেটের মানুষের বুলিই নয়। নিজেদের সংস্কৃতির্চারও বাহন। এই ভাষায় গড়ে উঠেছে এক সমৃদ্ধ লোকসাহিত্যের ভাণ্ডার। হাসন রাজা, রাধারমণ, দুর্বিন শাহ, শীতালং শাহ, শাহ আবদুল করিমের মতো সাধক ও লোককবিরা এই ভাষায় সাহিত্যরচনা করেছেন। ‘মৈমনসিংহ গীতিকা’র মতো ‘সিলেট গীতিকা’ও লোকসাহিত্যের এক সমৃদ্ধ ভান্ডার। কিন্তু এ গীতিকা নিয়ে বাংলা সাহিত্যে গবেষণা হয়েছে কম, তাই পরিচিতি কম। আঠারো শতকের শেষের দিকে উদ্ভূত ও উনিশ শতকে বিকশিত সিলেটি নাগরী লিপি সিলেটি ভাষার নিজস্ব লিপি। বিশেষত সুফি ধর্মীয়  গ্রন্থ  ও সাহিত্য এবং লোকসাহিত্যে লিপিটি ব্যবহার হতো। বিশ শতকে এসে লিপিটির ব্যবহার সীমিত হয়ে আসে, কিন্তু একুশ শতকে সূচনালগ্ন থেকে সিলেটি নাগরী নিয়ে ব্যাপক পঠন-পাঠন ও গবেষণার সূত্রপাত হয়।

আধুনিক কালে শুধু লোকসাহিত্যে নয়, সংবাদপত্র, বেতার মাধ্যম ও টেলিভিশনের কথিকা, কথোপকথন, সাক্ষাৎকার, টক-শো  , সংবাদ প্রচার, ধারাবিবরণী সহ নানা আনুষ্ঠানিক কাজেও সিলেটি ভাষার প্রয়োগ রয়েছে। রচিত হচ্ছে আধুনিক কবিতা, নাটক, ছোটোগল্প, প্রবন্ধ, উপন্যাস প্রভৃতি। নাটক ও চলচ্চিত্রও নির্মিত হচ্ছে সিলেটি ভাষায়।

সিলেট জনপদের মানুষের নিজস্ব সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহ্যিক অভিব্যক্তির মূর্ত রূপ হচ্ছে তাদের বুলি ও ভাষা। এটি বাংলার বিশেষ একটি উপভাষা হিসেবে পরিচিত। ভাষার সঙ্গে ঐতিহাসিক, সামাজিক ও সাংস্কৃতিক বিষয়াবলির সংসক্তি থাকে বলে বাংলার উপভাষা হয়েও ঐতিহাসিক, নৃতাত্ত্বিক, সামাজিক ও সাংস্কৃতিক পরিপ্রেক্ষিতে সিলেটি বাংলার অন্যান্য উপভাষা থেকে বৈশিষ্ট্যগুণে স্বতন্ত্র ও বৈচিত্র্যমণ্ডিত। আবার, নিজেদের ভাষা ও ঐতিহ্য সম্পর্কে গর্বিত সিলেটের মানুষ নিজেদের বুলির ব্যাপারে খুবই সচেতন ও রক্ষণশীল। পণ্ডিতেরা একে বাংলা ভাষাজাত বললেও সিলেটের আপমর লোক নিজ ভাষাকে বাংলা বলতে নারাজ। ২০২৬ সালের এপ্রিল মাসেও সিলেটি ভাষাকে স্বতন্ত্র ভাষা গোষণা করে বাংলাদেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার দাবি করেছে ‘সিলেটি পাঞ্চয়িত’ বলে একটি সংগঠন (জুলফিকার আলী, ২০২৬)।

সিলেটির এই স্বাতন্ত্র্য যেমন আঞ্চলিক রূপে; তেমনই উচ্চারণগত পার্থক্যে, ধ্বনি শব্দ বাক্যে ও বিশিষ্টার্থক প্রয়োগেও। ঔপভাষিক স্বাতন্ত্র্য ছাড়া আরও কিছু বৈচিত্র্য ও বিশেষত্ব এতে পরিদৃষ্ট হয়। তার মধ্যে একটি হলো স্থানীয় আধিবাসীদের ভাষায় আরবি, ফারসি, হিন্দি ও সংস্কৃত শব্দের আধিক্য এবং অপরটি হচ্ছে অসমিয়া ও মৈথিলি উচ্চারণ, ধ্বনি, শব্দ ও বাক্যবন্ধের ব্যবহার। এছাড়াও রয়েছে বিভিন্ন অনার্যভাষার বহুস্তরীয় উপাদানের বর্ণাঢ্য সমাবেশ, প্রভাব ও মিশ্রণ। ভাষা কিংবা উপভাষার প্রধান বৈশিষ্ট্যে যে আঞ্চলিক রূপভেদ থাকে সিলেটিতে অঞ্চলভেদে তারও বৈশিষ্ট্য লক্ষণীয়। এছাড়া এর নাগরিক রূপের সঙ্গে রয়েছে গ্রামীণ রূপের বিস্তর ফারাক। সামাজিক স্তরবিন্যাস তথা বর্ণ, ধর্ম, লিঙ্গ, বয়স ও সম্প্রদায় ইত্যাদি ভেদেও এই উপভাষার রূপভেদ রয়েছে; সামাজিক শ্রেণি ও পেশাগত রকমফেরেও এই বিশেষত্ব আরও বহুমাত্রিকতাপূর্ণ। এ-প্রসঙ্গে উল্লেখযোগ্য যে, সিলেটি উপভাষার এরূপ স্বাতন্ত্র্যমণ্ডিত বৈশিষ্ট্যের পেছনে ক্রিয়াশীল ভূমিকা পালন করছে অঞ্চলটির ভৌত ও সামাজিক পরিবেশ এবং তদ্সংশ্লিষ্ট নানা প্রভাবক শক্তি ও উপাদানের পারস্পরিক প্রভাব ও মিথস্ক্রিয়া (উদ্দিন, ২০০৯)।

সকল ভাষার মতো ঐতিহাসিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সমাজ-সাংস্কৃতিক কারণে সিলেটির রূপান্তরও উল্লেখযোগ্য। বিশেষ করে ১৯৪৭-পূর্ববর্তী রাজনৈতিক ও ভৌগোলিক বাস্তবতায় সিলেটি যেমন তার প্রত্নরূপে বিদ্যমান ছিল, দেশভাগ-পরবর্তী সময়ে ভূখণ্ডটি পূর্ববঙ্গ বা বাংলার সঙ্গে যুক্ত হলে রাজনৈতিক ও অর্থনৈতিক কারণে এর ভূমিব্যবস্থাপনার ব্যাপক পরিবর্তন হয়। সিলেট অঞ্চলে অভিবাসিত হয় বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের মানুষ। তারা সঙ্গে করে নিয়ে আসেন বিভিন্ন অঞ্চলের বাংলা তথা চলতি বাংলা। পূর্বে অবশ্য লিখিত বাংলার প্রচলন ছিল শুধু অফিস-আদালতে, এবারে সিলেটের আপামর মানুষকে অন্য-অপর সাধারণ মানুষের সঙ্গে চলতি বাংলায় সংশ্লিষ্ট হতে হয়, সমাজভাষাবিজ্ঞানে যাকে বলে ‘ভাষা-সংযোগ’, তাতে স্থানীয় ভাষীর ভাষায় বিভিন্নমুখী প্রভাব ফেলতে থাকে। ব্রিটিশ ঔপনিবেশিক আমলেও প্রশাসনিক ও শিক্ষাগত কারণেও এ অঞ্চলে বাংলা ভাষার প্রাধান্য বৃদ্ধি পেয়েছিল। পাকিস্তান-আমলে তা আরও ব্যাপক আকার ধারণ করে। এর ফলে সিলেটের ভাষা-পরিস্থিতি দ্বৈতরীতির হয়ে ওঠে। একদিকে চলতি বা প্রমিত বাংলা, অন্যদিকে সিলেটি। অবশ্য প্রাতিষ্ঠানিক প্রয়োজন না হলে সিলেটের মানুষ চলতি বাংলায় কথা বলেন না, তাও শিক্ষিত জনেরা।

সিলেটি ভাষা নিয়ে চর্চা ও গবেষণার সূত্রপাত হয়েছে বিশ শতকের প্রথম দশকের গোড়া থেকে। দেশি-বিদেশি অনেক গবেষক ও ভাষাবিজ্ঞানী মূল্যবান কিছু প্রবন্ধ ও গ্রন্থ রচনা করেছেন এবং উপভাষাটির বৈশিষ্ট্য ও স্বরূপ নিরূপণেরও প্রয়াস পেয়েছেন। এ-প্রসঙ্গে জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন, সুনীতিকুমার চট্টোপাধ্যায়, শিবপ্রসন্ন লাহিড়ী, মুহম্মদ আবদুল হাই, সৈয়দ মুজতবা আলী, আবুল কালাম মনজুর মোরশেদ, মনসুর মুসা, ডেভিড ও ন্যান্সি স্প্রাট, এস এম গোলাম কাদির, মুহম্মদ আসাদ্দর আলী, মনিরুজ্জামান, রড চালমাস, জফির সেতু (ওরফে মো. জফির উদ্দিন),  সেলু বাসিত, শ্যামল দত্ত প্রমুখের নাম উল্লেখযোগ্য। এঁদের মধ্যে জফির সেতু ছাড়া সকলেই ভাষাটির ব্যাকরণিক বৈশিষ্ট্য, ভাষাতিাত্ত্বিক বিধা (Aspect) ধ্বনিতত্ত্ব, রূপমূলতত্ত্ব, বাক্যতত্ত্ব, বাগর্থতত্ত্ব ইত্যাদির আলোকপাত করেছেন। কেউ কেউ অঞ্চলবিশেষে ভাষাতাত্ত্বিক বৈচিত্র্য সহ বুলিভান্ডারের রকমফের দেখিয়েছেন। জফির সেতু তাঁর পিএইচডি অভিসন্দর্ভ-সহ অপরাপর গবেষণায় ভাষাটির সমাজভাষাতাত্ত্বিক ব্যাখ্যা করতে গিয়ে উপাত্তসংগ্রহ, পর্যবেক্ষণ ও ভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণে দেখিয়েছেন সিলেটির বুলিভান্ডার বিচিত্রতায় ভরপুর এবং অঞ্চলভেদে, নগর ও গ্রামীণ প্রতিবেশভেদে, সামাজিক স্তরভেদে, লিঙ্গ ও ধর্মভেদে রয়েছে এর রূপবৈচিত্র্য। এক্ষেত্রে ব্যক্তিনাম, ভাষাশ্লেষ, ট্যাবু, গালাগাল ও স্ল্যাং, বাগধারা, প্রবাদ-প্রবচন ইত্যাদি প্রয়োগে বুলির বিচিত্রতা নির্দেশ করেছেন। এর পেছনে ভাষা-সংযোগ, ভাষামিশ্রণ, ভাষা রূপান্তর, ভাষীর মনোভঙ্গি, ভাষার স্থায়িত্বকরণ, ভাষা সংরক্ষণ, ভাষাবৈচিত্র্য প্রভৃতি সূত্রে ভাষাতাত্ত্বিক ট্র্যাটামও চিহ্নিত করেছেন। প্রসঙ্গত অঞ্চলভেদে সিলেট, জৈন্তাপুর, জকিগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জ-এই ছয়টি পৃথক রূপ উল্লেখ করে অনাবাসী সিলেটিরও একটি রূপ (‘অনাবাসী সিলেটি’) নির্দেশ করেছেন। এছাড়াও স্থানীয় ভৗত ও প্রাকৃতিক প্রতিবেশভেদে উজানি ও ভাটি অঞ্চলের ভাষা নামে স্বতন্ত্র দুটি বর্গেও সিলেটিকে ভাগ করেছেন (উদ্দিন, ২০২০: ৬০)। শুধু তা-ই নয়, এক্ষেত্রে পুরোনো ধারণা ভেঙে দিয়ে অঞ্চলটির অপভাষা, নানা শ্রেণিভাষা ও রেজিস্টার, নগরায়ণগত শব্দভান্ডার, এমনকি পরিবর্তমান বিশ্বপরিস্থিতিতে নতুন আর্থব্যবস্থা, আকাশ-সংস্কৃতি, মোবাইল-সংস্কৃতি এবং প্রযুক্তি ব্যবহারগত কারণে ভাষাগত পরিবর্তনশীলতা ইত্যাদি বিষয়ে নতুন ধারণা যুক্ত করেছেন (উদ্দিন, ২০০৯)।

৪. সিলেটি ভাষার ঐতিহাসিক পটভূমি
সিলেটি ভারতীয় আর্য ভাষার একটি অর্বাচীন রূপ। অর্থাৎ এটি ইন্দো-আর্য ভাষা-পরিবারের অন্তর্ভুক্ত। অনেকে সিলেটির উৎপত্তি মাগধী প্রাকৃত থেকে উদ্ভূত ও বিকশিত বলে ধারণাপোষণ করলেও মুহম্মদ শহীদুল্লাহ্ একে গৌড়ীয় প্রাকৃতজাত বলে মনে করেন (শহীদুল্লাহ্, ১৯৭৩ : ২৯)। যা বাংলা, অসমীয় ও ওড়িয়া ভাষারও উৎস। সিলেটি ভাষারূপের সঙ্গে বাংলার সম্পর্ক সবচেয়ে ঘনিষ্ট; এই ঘনিষ্টতার জন্য একে বাংলার একটি উপভাষা হিসেবে বিবেচনা করা হয়। অনেকে অবশ্য স্বতন্ত্র কাঠামোর কথা ভেবে আলাদা ভাষা হিসেবেও বিবেচনা করেন। এদিকে বাংলা ভাষার উদ্ভব নিয়ে পণ্ডিতদের মধ্যে মত পার্থক্য থাকলেও এটা সর্বজনস্বীকৃত যে, বাংলা ভাষা প্রাকৃত ভাষারই একটি আঞ্চলিক ভাষা বা উপভাষাজাত রূপ। অর্থাৎ বাংলা ভাষা বিশেষ অঞ্চলের প্রাকৃত স্তর পেরিয়ে অপভ্রংশ হয়ে স্বতন্ত্র রূপ পরিগ্রহ করে একটি ভাষায় মর্যাদা লাভ করেছে।

ভাষার স্বাভাবিক বৈশিষ্ট্য ও গতি-প্রকৃতি অনুসারে পৃথিবীর অন্যান্য ভাষার মতো বাংলা ভাষায়ও অনেক উপভাষা রয়েছে, যা তাদের নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র । বাংলা ভাষার এসব উপভাষা চলিত মান্য ভাষার বিকৃত রূপ এমনটা ভাবার কোনো কারণ নেই। সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের ধারণা যে, বাংলা উপভাষাসমূহ সুনির্দিষ্ট কোনো প্রত্ন-ভাষার বিবর্তিত রূপ নয়, বরং তা সাধুবাংলার সঙ্গে সম্পর্কিত। বাংলার ব-দ্বীপ অঞ্চলের নিজস্ব কোনো উপভাষা ছিল না, বিভিন্ন উপভাষার পারস্পারিক প্রভাবে এ অঞ্চলের নিজস্ব বাংলা ভাষা গড়ে উঠেছে। আর, তাঁর অন্যকথায় মান্য বাংলা হলো হচ্ছে, ‘the speech of upper classes in the western part of the, delta’ (Chatterji, 1986: 139)। এ-তথ্য থেকে স্পষ্ট হয়ে ওঠে যে, বিভিন্ন স্ট্যান্ডার্ড বা মান্যভাষা ঐতিহাসিক বা সামাজিক কারণে কোনো না কোনো উপভাষা হতেই উদ্ভূত। অর্থাৎ কোনো ভাষা একটি সামাজিক উপভাষা ছাড়া অন্যকিছু নয়।

বাংলার উপভাষাসমূহ বাংলা ভাষার জন্ম লগ্ন থেকেই স্বতন্ত্র ছিল এমনটা ভাবাই যৌক্তিক। কারণ বঙ্গদেশে ভৌগোলিক, রাজনৈতিক ও সামাজিক কারণে অপভ্রংশের স্তর পেরিয়ে এসব উপভাষা পৃথকভাবে গড়ে ওঠে (ইসলাম, ১৯৯২ : ৪)। আবুল কালাম মনজুর মোরশেদেরও কথা যে, ‘বাংলাদেশের ক্ষেত্রে ভৌগোলিক অবস্থান, যোগাযোগ ব্যবস্থার অভাব, অর্থনৈতিক ব্যবধান, সামাজিক ও ধর্মীয় শ্রেণিবিন্যাসের বৈষম্যের জন্যে প্রাচীনকালে বিভিন্ন অঞ্চলে উপভাষার প্রচলন হয়’ (মনজুর মোরশেদ, ১৯৯৭ : ১৩৮)। অর্থাৎ অপভ্রংশের স্তর থেকে বাংলার ভাষার জন্মের সময় ভাষাতাত্ত্বিক ও অভাষাতাত্ত্বিক নানা কারণে দেশজুড়ে তা এক ও অভিন্ন হতে পারেনি, হওয়াটাও সম্ভব ছিল না। তাই একই ভাষার অন্তর্ভুক্ত এই উপভাষাগুলোর ভাষী পরস্পরের কাছে অনেক সময় কিছুটা অবোধ্য-দুর্বোধ্য থেকে গেছে নানা কারণে। কখনও আঞ্চলিক রূপমূলগত কারণে, কখনও উচ্চারণ প্রবণতার ভিন্নতার কারণে অথবা অন্য কোনো ভাষার প্রভাবে আগত ভিন্নতার জন্যে। এ-প্রসঙ্গে রংপুর, চট্টগ্রাম, নোয়াখালি ও কুমিল্লা প্রভৃতিতে প্রচলিত উপভাষার উল্লেখ করা যায়। উদাহরণ হিসেবে নোয়াখালির আনুনাসিকতা কুমিল্লায় যেমন অপরিচিত ঠেকে, তেমনি কুমিল্লার মূর্ধন্য ও তাড়নধ্বনি ব্যবহার-প্রবণতা চট্টগ্রামে সম্পূর্ণ অনুপস্থিত। অঞ্চল বিশেষে এ-ধরনের ঔপভাষিক বৈচিত্র্য বাংলা ভাষারই সমৃদ্ধি ও সম্ভাবনার লক্ষণ, অঞ্চল বিশেষে স্বতঃউৎসারিত এসব উপভাষা বাংলাভাষার প্রাণপ্রাচুর্যই বহন করে এবং নানা কারণে তা তাৎপর্যবহ।

জর্জ আব্রাহাম গ্রিয়ার্সন হচ্ছেন বাংলা উপভাষাচর্চার প্রবাদপুরুষ, যাঁর প্রণীত ‘Linguistic Survey of India’ (1903-1928) ভারতবর্ষীয় উপভাষার ‘বাইবেল’ হিসেবে পরিগণিত, তাতে তিনি ভারতে প্রচলিত উপভাষাসমূহের ভাষাপরিস্থিতি জরিপ করেন এবং বিভিন্ন ভাষার উপভাষাসমূহের বৈশিষ্ট্য নিরূপণ ও শ্রেণিকরণ করেন। এই মহাগ্রন্থের পঞ্চম খণ্ডের প্রথম ভাগে বাংলা ও অসমীয়া ভাষার উপভাষাসমূহের নমুনা ও ব্যাখ্যা অন্তর্ভুক্ত হয়। জর্জ গ্রিয়ার্সন বাংলা উপভাষা চর্চার যে পদ্ধতির সূচনা করেন, উত্তরকালে বাঙালিরা বাংলা উপভাষাসমূহের বিচার বিশ্লেষণে তাঁরই পদাঙ্ক অনুসরণ করেছেন।  ব্যাপক জরিপ, আঞ্চলিক বা ঔপভাষিক বৈচিত্র্য ও উপভাষার বৈশিষ্ট্য বিচারে গ্রিয়ার্সন বাংলা ভাষার উপভাষাসমূহের একটি সামগ্রিক বিন্যাসমাত্র করেন। বাস্তবিক ও তাত্ত্বিক দিক থেকে তিনি প্রথম বাংলা উপভাষাগুলোকে শ্রেণিবদ্ধ করেন এবং সিলেটে অঞ্চলের ভাষাকে বাংলা ভাষার একটি আঞ্চলিক রূপ হিসেবে চিহ্নিত করে প্রাচ্য বা বঙ্গীয় ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, কুমিল্লা, বাখরগঞ্জ ও সন্দ্বীপের উপভাষার সঙ্গেই পশ্চিমা বা দক্ষিণ-পশ্চিম শাখাতেই রেখেছেন এবং স্বতন্ত্রতার জন্য ‘সিলেটিয়া’ (Sylhetia) নামও দেন (Grierson, 1903)।

তা হলেও ঐতিহাসিক পরিপ্রেক্ষিতেই এক সময় ভাষাটি  স্বতন্ত্র ‘সিলেটি নাগরী’ লিপিতে উৎকীর্ণ হওয়ার প্রয়োজন বোধ করে। বাংলা লিপির পরিবর্তে লিপি ব্যবহারের নানা যৌক্তিক কারণের মধ্যে এর ধ্বনিগত ও রূপমূলগত কারণ সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ সিলেটিতে এমন কিছু ধ্বনি ও রূপমূল পরিলক্ষিত হয়, যা বাংলা ধ্বনি বা রূপমূলের সঙ্গে মেলেনা। কিন্তু ঔপনিবেশিক আমল থেকে রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক বাস্তবতায় সিলেটি নাগরী হরফ একসময় অবলুপ্ত হতে থাকে। ইংরেজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণির উদ্ভব ও বিকাশের সঙ্গে ভাষাটির রূপ ও লিপির ভবিষ্যৎ বদলাতে থাকে।

৫. ভাষিক বা ঔপভাষিক স্বাতন্ত্র্য
সুপ্রাচীনকাল থেকেই সিলেটে বহু ভাষা-ভাষীর আগম-নির্গম হলেও নিজেদের ভাষার ব্যাপারে তারা যে সচেতন ছিলেন এমন প্রমাণ দুর্লক্ষ নয়। সিলেটে প্রাপ্ত তাম্রশাসনগুলি থেকে জানা যায় প্রাচীনকালে সিলেটের রাজভাষা ছিল সংস্কৃত। এমন কি ওড়িয়া ভাষার উল্লেখও কোনোটিতে রয়েছে। উদাহরণস্বরূপ পশ্চিমভাগ তাম্রশাসন ও ভাটেরা তাম্রশাসনের কথা বলা যায় : ‘পশ্চিমভাগ তাম্রশাসনে সংস্কৃত ভাষায় মুদ্রিত আছে শ্রী শ্রী চন্দ্র দেবাহ’। (মুসা, ১৯৯৯ : ৪৬১) ভাটেরা তাম্রশাসনে মুদ্রিত আছে চন্দ্রবংশীয় রাজা গোবিন্দকেশব দেবের নাম ও পরিচয়। ৫৫ লাইনের তাম্রশাসনটি একাদশ-দ্বাদশ শতাব্দীর নাগরী লিপিতে লেখা। বাংলা লিপির খানিকটা আভাস এই লিপিতে বিদ্যমান বলে ধরা হয়। শুধু তাই নয় এতে স্থানীয় বাংলা ও ওড়িয়া উপভাষার ছাপও দেখতে পাওয়া যায়। তা সত্ত্বেও সিলেটে ওড়িয়া ভাষার প্রভাব নেই বললেই চলে। অভাষাতাত্ত্বিক কারণ ছাড়া এ-প্রভাব না-থাকাই স্বাভাবিক। ভাষাতাত্ত্বিক দিক থেকে ওড়িয়ার সঙ্গে সিলেটি উপভাষার চেয়ে বাংলা ভাষার সম্পর্ক বরং গভীর। অন্তত লিখিত ওড়িয়ার দিকে তাকালে এ-সত্য উপলব্ধি করা যাবে। শব্দবিভক্তি, ক্রিয়াবিভক্তি এবং কিছু আঞ্চলিক রূপমূল ছাড়া ওড়িয়ার সঙ্গে বাংলার কোনো পার্থক্য দেখা যাবে না। এমন কি বাংলাদেশের পূর্বাঞ্চলের ভাষার সঙ্গে বাংলা চলিত ভাষার পার্থক্য যতখানি, ওড়িয়ার সঙ্গে পার্থক্য ততখানি নয়। (পুরাকাইত, ১৯৮৯ : ১৩৯) তার চেয়ে সিলেটি উপভাষায় অহমীয়া ভাষার প্রভাব ভাষাতাত্ত্বিক-অভাষাতাত্ত্বিক উভয়বিদ কারণেই সম্ভব। এই অহমীয়ার উৎপত্তির মূলে আছে কামরূপ উপভাষাগুচ্ছ।

সিলেট এক সময় কামরূপ রাজ্যের অধীনে ছিল; সিলেট বিভাগপূর্বকালেও আসাম প্রদেশের অন্তর্ভুক্ত ছিল-কিন্তু দীর্ঘদিন পাশাপাশি থাকা সত্ত্বেও সিলেটি উপভাষা অহমীয়ার সঙ্গে একাত্ম হয়ে যায়নি। এমনকি কাছাড়ের বুলির সঙ্গেও সিলেটি উপভাষার পার্থক্য রয়েছে। তাই বলে প্রভাব একেবারেই নেই এমনটা বলা যাবে না-দুইটি ভাষা পরস্পর সহাবস্থানে থাকলে একের প্রভাব অন্যের ওপর পড়বে এটাই স্বাভাবিক। সেই হিসেবে সিলেটিতে অহমীয়া উচ্চারণ, ধ্বনি, রূপমূল ও বাক্যবন্ধের প্রভাব কিছুটা লক্ষণীয়।

সিলেটি উপভাষার স্বকীয়তা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য ছাড়াও এর সমাজভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য মনিরুজ্জামান (মনিরুজ্জামান, ১৯৯৪) নির্দেশিত বৈশিষ্ট্যের সঙ্গে সমীকরণ জফির সেতু দেখিয়েছেন যে, ১) ভূ-রাজনৈতিক, সামাজিক-সাংস্কৃতিক প্রতিবেশে অপরাপর ভাষার/উপভাষার প্রভাবজাত ধ্বনিতাত্ত্বিক বিশিষ্টতা; ২) রূপমূলগত দিক থেকে প্রাচীনকাল থেকে বহুজাতি মিশ্রজাত এবং বহুস্থানীয় আন্তর্জাতিক সংস্কৃতি ও ধর্মপ্রভাবজাত বিশিষ্টতা। এ মিশ্রণ/প্রভাব দ্বিধারিক হওয়া সম্ভব। ক. ইতিহাসবিস্মৃত স্থানীয় জনগোষ্ঠীর ব্যবহৃত রূপমূল এবং খ. আগত জাতির ভাষার রূপমূল; ৩) আর্য-সংস্কৃতি, বিভিন্ন সময়ে শাসিত ও অভিবাসিত উচ্চবর্ণ হিন্দু-সংস্কৃতির প্রভাবজাত বিশিষ্টতা; ৪) আফগান সংস্কৃতির প্রভাবজনিত বিশিষ্টতা এবং পশ্চিম ভারত ও ওড়িষ্যার মেদিনীপুর থেকে অভিবাসনপ্রাপ্ত লোকদের ভাষিক প্রভাবজনিত বিশিষ্টতা (উদ্দিন, ২০১৮: ৭৭-৭৮)।

৬. সিলেটির ভাষাতাত্ত্বিক রূপ (Linguistic feature of Sylheti)

৬.১ ধ্বনিতত্ত্ব (Phonology)

স্বরধ্বনি: সিলেটি উপভাষার মৌখিক স্বরধ্বনির সাত (৭)টি। এগুলো হচ্ছে যথাক্রমে ই (i), এ (e), অ্যা (æ), আ (a), অ (ɔ), I (o) এবং উ  (u)।

ব্যঞ্জনধ্বনি: সিলেটিতে ব্যঞ্জনধ্বনিগুলি বৈশিষ্ট্যপূর্ণ। এতে মোট ছাব্বিশটি ব্যঞ্জনধ্বনি পাওয়া যায়। উচ্চারণ রীতি অনুযায়ী ধ্বনিগুলো হচ্ছে:

স্পর্শ: ক্ [k], গ্ [g], ট্ [t], ঠ্ [tʰ], ড্ [d], ত্ [t̪], থ্ [t̪ʰ], দ্ [d̪], প্ [r], ব্ [b] ;

নাসিক্য: ম্ [m], ন্ [n], ঙ্ [ŋ]

কম্পনজাত: র্ [r]

তাড়নজাত: ড়্ [r̟]

ঘর্ষণজাত: ফ্ [f], খ্’[x], ছ্’ [ç], য্ [ɟ/ ž], শ্ [š], স্ [s], হ্ [h]

ঘৃষ্ট: চ্ [c], জ্ [z]

নৈকট্যমূলক: য়্ [y]

পার্শ্বিক নৈকট্যমূলক: ল্ [l]।

সিলেটি ধ্বনিতত্ত্বের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে নিম্নরূপ:

ক) প্ ধ্বনিটি শব্দের মধ্য অবস্থানে এবং যুক্তব্যঞ্জন হিসেবেই ব্যবহৃত হয়। যেমন : তেপ্পান্ন।

খ) চ্, ড্, থ্, প্, হ্ ধ্বনির ব্যবহার শব্দের অন্ত-অবস্থানে অনুপস্থিত।

গ) ঙ্, ড়্ ধ্বনি দুটি আদ্য অবস্থানে অনুপস্থিত।

ঘ) চ্ ধ্বনি কেবল যুক্তব্যঞ্জনের বেলায় প্রযুক্ত হয়। যেমন : সাইচ্চা। অন্যত্র এটি ছ্’ ধ্বনি হিসেবেই ব্যবহৃত।

ঙ) সিলেটিতে ছ্’ (ç)একটি বিশেষ ধ্বনি। মানবাংলার ছ্ কেবল যুক্তাক্ষরের ক্ষেত্রে প্রযুক্ত। অন্যত্র এটি বিশেষ ধ্বনি হিসেবেই ব্যবহৃত।

চ) খ্’ (x) সিলেটিতে বিশেষ একটি ধ্বনি। ধ্বনিটি আরবি খে ধ্বনির প্রভাবজাত।

ছ) সিলেটের পূর্বাঞ্চলে য্ (z) ধ্বনিটি বেশি পাওয়া যায়। অন্যত্র জ্ (Ɉ) ধ্বনিটি বিদ্যমান।

জ) শ্ ধ্বনিটি কোনো কোনো ক্ষেত্রে শব্দের আদিতে হ্ ধ্বনিতে পরিণত হয়। কিন্তু সর্বত্র নয়। যেমন : শাত > হা’ত্।

ঞ) হ্ ধ্বনিটি কোনো কোনো ক্ষেত্রে শব্দের আদিতে অ ধ্বনিতে রূপান্তরিত, তবে সর্বত্র নয়। যেমন : হাত > আ’ত্।

ট) মহাপ্রাণ ধ্বনি সিলেটিতে অল্পপ্রাণ ধ্বনি হিসেবে উচ্চারিত হওয়ার প্রবণতা স্বতঃসিদ্ধ বৈশিষ্ট্যের মতো। এবং ন্যূনতম শব্দজোড়ের মাধ্যমে তার ব্যবহার দেখানো যায়। এক্ষেত্রে কেবল স্বরাঘাত ব্যবহারের মাধ্যমে এদের অর্থপার্থক্য হয়ে থাকে।

ঠ) সিলেটিতে টোনাল বৈশিষ্ট্য বিদ্যমান যা বাংলাতে নেই, যা এটিকে আলাদা বৈশিষ্ট্য প্রদান করে । এটি ভোট-চীনীয় ভাষাপ্রভাবে ফল।

ড) সিলেটিতে উচ্চারণে ব্যাপক পরিবর্তন লক্ষ্যণীয়; যেমন শ্বাসধ্বনির লোপ ও ঘর্ষণধ্বনির রূপান্তর ইত্যাদি। এসব বাংলা ভাষার মান রূপে অনুপস্থিত।

৬.২ রূপমূলতত্ত্ব (Morphology)

রূপমূল গঠন: সিলেটি বেশিরভাগ রূপমূল বাংলার চেয়ে ভিন্ন এবং রূপমূলগঠনের একক ও প্রক্রিয়াও অনেক ক্ষেত্রে বাংলার চেয়ে ভিন্ন কিংবা বিচিত্র। একটি মাত্র রূপমূলের সাহায্যে গঠিত রূপমূল বা শব্দের উদাহরণ: ছু’ক্ [রাগ], আইব [দোষ], খে’ছা’ [ভীষণ], জান [প্রাণ]। একাধিক রূপমূলের সাহায্যে গঠিত শব্দ: মানু + গুইঠ= মানুগুইঠ [মানুষের দল]

কারক-বিভক্তি: কয়েকটি ছাড়া সিলেটি বেশিরভাগ কারক-বিভক্তি বাংলার চেয়ে ভিন্ন। উদাহরণ,

প্রথমা: [একবচন] অ, এ; [বহুবচন] রা, আরা, হখল/তাইন/টাইন, ইন, গুইন,

দ্বিতীয়া: [একবচন] রে, (এ); [বহুবচন] বারে, আরারে, ইন্রে

তৃতীয়া: [একবচন] রে, দিয়া, দি, য়; [বহুবচন] বারে/হখ’লরে/তাইনরে দিয়া/দি

চতুর্থী: [একবচন] রে; [বহুবচন] রারে

পঞ্চমী: [একবচন] অন্তে, অনে, অইতে, তন্, তনে, তাকি, তাকিয়া, তাইক্যা, তাকি/তাকিয়া/তাইক্যা মান্তে, মানে; [বহুবচন] রার/হখ’ল/তাইন/টাইন,

ষষ্ঠী: [একবচন] র, অর, এর; [বহুবচন] রার, আরার, হখ’লর, তাইনর, র, গুইনতো, গুইনে

সপ্তমী: [একবচন] ও, ত, এ, য়, এর মইদ্দে/মাজে; [বহুবচন] [ও, ত, এ, য়]-এর মাজে;

সর্নামমূলক রূপমূল: সিলেটি নিজস্ব সর্নামমূলক রূপমূল হচ্ছে মুই (উত্তম পুরুষ), আফনে (মধ্যম পুরুষ) এবং হে, তাই, তাইন (প্রথম পুরুষ)

নিজস্ব ধাতু: উবা (উবাও), মাত (মাতা), হেদ্ (হেদা), খে’জ (খে’জা), সেম্ট্ (সেমটা) ইত্যাদি।

ক্রিয়া-বিভক্তি: বর্তমান কালের ক্রিয়া-বিভক্তি হচ্ছে ইঅ/ ও, অইন, অস, স, -ইন, য়, এ, (ই)য়ার, রা, রায়, ত্রায়, তাছ, তাছইন রে, তাছস, রা, ত্যাছ’ ইন, র, এর, তাছে’, ছি’, ছ’, ছ’ইন, ছ’স্, ছি’স্, ছে’, ছ’ইন। অতীতকালের ক্রিয়া-বিভক্তি হচ্ছে লাম, লায়, লালে, লাইন, লা, ল; তাম, তায়, তা, তে, তা, তো, তইন; আত্ আছ্’লাম, আত্ আ’ছ্লায়, আত্ আ’ছ্লা, আত্ আছ’লে, আত্ আছি’ল, আত্ আছ’লে; ইছ’লাম/ ছি’লাম, ইছ’লায়/ ছি’লায়, ছি’লা/ ছি’লাইন্ ছি’লে, ছল্  (ই)ছি’ল, (ই) ছ’লা। ভবিষ্যৎ কালের ক্রিয়াবিভক্তি মু, বায়, বা, বে, -ব, -ইব, ইবা; আত্/ তাম, তাখ’মু, তে তাখ’বায়, তে তাখ’বা, তা তাখ’বা, তে তাখ’বে, তে তাখ’ব; আত্ তাখ’মু, আত্ তাখবায়, আত্ তাখ’, আত্ তাখ’বে, আত্ তাখ’ব।

অনুজ্ঞার বিভক্তি: বর্তমান কালের অ, অও, অইন, অউক্কা, অউক্। ভবিষ্যৎ কালের অওগি, অইবা, ইস, ব, অইব।

সমাসবদ্ধশব্দ:

দ্বন্দ্ব সমাস: ফু’আফু’ড়ি, রইদবান, মাতখ’তা, হাজাফা’ড়া, আখা’ফে’ন্দা, ফা’নিখা’ঞ্জি, আরিফ’রি, অবায়-হবায়;

বহুব্রীহি সমাস: গরবাওআনি, বারবাওআনি, উলছ’রানি, খ’রানিফু’ক, নিফুটি, উগাউগি, আতাআতি, থুতামুখি, উপরিখাউরি, তিনফা’ইয়া;

তৎপুরুষ সমাস: খলইধরা, বা’তেমারা, শনিবারি, বাজারবাও, বনরউ, ফে’রকুটি,

কর্মধারয় সমাস: তেড়ামাত, ছি’কডাল, উদ্লাফু’তা, ইছা’রাংগা, ফা’টিবলা, মানুবান্দর, নলবাড়ি, বিরইনফি’টা, নলতল, ডুববেত।

দ্বিগু সমাস: তিমুখি’, বারোমুনি, ফ ‘ছ’ফিরি;

উপসর্গীয় সমাস: নিনাইয়া, নিকামলা, নাবাছা, বেফানা, বিজালা।

অনুকার শব্দ: বা’তউত, চিন্তাউন্তা, টেখা’উকা, রইদউইদ, গ’রউর, মাতউত, কুটাকাটা, সাফ’কুফ’, গিলাগিলি, লতলুত।

অনুগামী শব্দ: খা’নদাকুটা, কুটুমখে’শ, গাতগাড়া, গুশটিগাড়া, জিগারফু’স, তশলাখ’ড়াই, নাতিনশা, হাইমাউগ, ময়মুরব্বি, বেমারআজার।

ধ্বনাত্মক শব্দ: আইটাই, খ’ড়খ’ড়, হিরহির, ফে’রফে’র, জিনজিন, টিমটিমা, টনটনা, ঢেলঢেলা, ফ্যা’নফ্যা’ন, বখ’বখ’, লখ’লখ’, বসবস, বছা’তবছা’ত, গুরুতগারুত, হলহল, তেলতেল।

৬.৩ বাক্যতত্ত্ব (Syntax)

সিলেটির স্বতন্ত্রতা তার বাক্যিক রূপেও দেখা যায়। নব্য ভারতীয় আর্যভাষার প্রায় সবগুলোর বাক্যিক প্যাটার্ন একই রকম। সে হিসেবে বাংলার সঙ্গে বাক্যের একটা গঠনগত মিল তো আছেই। এর বাইরে সিলেটির স্বতন্ত্র বাগভঙ্গি; পদক্রমগত বৈচিত্র্য, নেতিবাচক ও হ্যা-না প্রশ্নবাক্যে নি/নানি প্রভৃতি ব্যবহার, প্রমিত বাংলার চেয়ে বিচিত্র ও ব্যতিক্রমী বিভক্তিসংশ্রয়ের উপস্থিতি, অবধারক ব্যবহারে দ্ব্যর্থকতা দূরীকরণ ইত্যাদি বৈশিষ্ট্য বাক্যিক প্যাটার্নে এর বাক্যতত্ত্বকে বিশিষ্ট করে তুলেছে।

৬.৪ শব্দভাণ্ডার (Lexicon)

সিলেটির প্রধান সম্পদ এর রূপমূল ও শব্দভাণ্ডার। এই সুবিশাল রূপমূল ও শব্দভাণ্ডার সমৃদ্ধির প্রণোদনা হচ্ছে বিশেষ ভূ-রাজনৈতিক ও ভূ-সাংস্কৃতিক পরিবেশ-প্রতিবেশ। সিলেটি উপভাষা-ভূগোল নির্মিতি পেয়েছে উত্তর-পূর্বাঞ্চলের ভোট-চীনীয় (Sino-Tibetian) ভাষাপরিবার ও বাংলা উপভাষাগুচ্ছের ঐতিহ্যে এবং ঔপভাষিক রূপমূল ও শব্দভাণ্ডারও স্বাতন্ত্র্য রূপ লাভ করেছে তারই পরিপ্রেক্ষিতে। সিলেটি উপভাষার রূপমূল ও শব্দভাণ্ডার তিনটি প্রধান উৎসে সমৃদ্ধ (উদ্দিন, ২০০৯): ‘১. মৌলিক উৎস : উত্তরাধিকারসূত্রে প্রাপ্ত। এ জাতীয় শব্দের প্রধান দুই শ্রেণি-ভগ্নতৎসম ও তদ্ভব। তদ্ভব শব্দাবলির মধ্যে প্রাচীন ভারতীয় আর্য থেকে প্রাকৃতের মধ্য দিয়ে প্রাপ্ত এবং দ্রাবিড়ীয়, অস্ট্রিক, ইন্দো-ইউরোপীয় প্রভৃতি থেকে গৃহীত তদ্ভব; ২. কৃতঋণগত উৎস : দেশি-বিদেশি ভাষা থেকে আহূত। আর্যেতর দ্রাবিড়, অস্ট্রিক, ভোট-বর্মী গোষ্ঠীর ভারতীয় শাখা ছাড়াও হিন্দি, গুজরাটি, মারাঠি প্রভৃতি আধুনিক ভারতীয় ভাষার উপাদান এবং বিদেশি কৃতঋণ শব্দ; ৩. স্থানিক বা ভূমিজ উৎস : সিলেট অঞ্চলের মৌলিক, ঘটনাক্রমে উদ্ভাবিত এবং প্রয়োজনে সৃষ্ট শব্দ।’

শব্দভান্ডারের বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে ভাষায় আরবি-ফারসি প্রভাব এবং স্থানীয় শব্দের আধিক্য। বলতে গেলে বাংলা ভাষা থেকে পৃথক শব্দভাণ্ডার সিলেটিতে বিদ্যমান।

শব্দের নমুনা: উনদা (অবনত); উনদাল (রান্নাঘর); উনানি (গলানো); উফ’ইত (উপুড়); উফ’তা (বিপরীতমুখী); উফা’ (উন্নতি; আয়); ওংগা (শিশুর কান্না); ওংকু (এখন); কুইআর (ইক্ষু, আখ), তিগা (লবণ), জামির/সন্তরা (কমলা); খ’আ (কচি), খ’ছ’কা (মচকে যাওয়া); খা’নদা (কাছে; কিনারা)

৭. পণ্ডিত ও গবেষকদের অভিমত
সিলেটির ভাষাছাঁচের উপর্যুক্ত বৈশিষ্ট্য বিচারে প্রায় সকল পণ্ডিত ও গবেষক একে চট্টগ্রাম, রংপুর বা মেদিনীপুরের উপভাষার মতো বাংলার একটি দূরবর্তী ঔপভাষিক অবস্থান হিসেবে বিবেচনা করেছেন। মনসুর মুসা অবশ্য এ-অবস্থানকে বাংলা ভাষার শিষ্টরূপের সঙ্গে বৈপরীত্যসূচক না বলে, একটি পরিপূরক অবস্থান হিসেবে মনে করেন (মুসা, ১৯৯৯ : ৪৬৫)। পরিপূরক যে তার প্রমাণ, বাংলা ভাষার আদি নিদর্শন চর্যাপদ। চর্যাপদের সঙ্গে সিলেটি উপভাষার এতটাই ভাষাতাত্ত্বিক সাদৃশ্য রয়েছে যে গবেষক মুহম্মদ আসাদ্দর আলী (আলী, আসাদ্দর : ১৯৯৩) ও সৈয়দ মুর্তাজা আলী (আলী, মুর্তাজা : ১৩৭০) প্রমাণ করার চেষ্টা করেছেন চর্যাগুলো সিলেটি উপভাষার ছাঁচেই লিখিত। তাঁদের নিজেদের যুক্তি-প্রমাণের ভাষিক মর্মার্থ যা-ই হোক না কেনো, এর সমাজভাষাতাত্ত্বিক মমার্থ হচ্ছে সিলেটের উপভাষা বাংলা ভাষার সঙ্গে সম্পৃক্ত এবং এই সম্পৃক্তির জন্যই চর্যার সাথে সিলেটি উপভাষার মেলবন্ধন অটুট (উদ্দিন, ২০১৮ : ৭৩)। বাংলা ভাষা প্রসঙ্গে সুনীতিকুমার চট্টোপাধ্যায়ের যে-মন্তব্য ‘বাংলা ব-দ্বীপ অঞ্চলের নিজস্ব কোনো উপভাষা নেই, বিভিন্ন উপভাষার পারস্পারিক প্রভাবে এ-অঞ্চলের বাংলা ভাষা গড়ে উঠেছে’; তা যদি সত্য হয়, তাতে জফির সেতুর ধারণা হচ্ছে বাংলার অন্যান্য উপভাষার মতো সিলেটি উপভাষাও বাংলা ভাষার জন্মলগ্ন থেকেই স্বতন্ত্র ছিল অর্থাৎ ভৌগোলিক, রাজনৈতিক ও সামাজিক সাংস্কৃতিক কারণে অপভ্রংশের স্তর পেরিয়ে পৃথক ভাবেই এর জন্ম সম্ভব (উদ্দিন, ২০১৮ : ৭৪)।

জফির সেতু তাঁর গবেষণায় বাংলা ভাষার ইতিহাস পর্যালোচনা দেখিয়েছেন এতে গৌড়ীয়, নদীয়া ও কলিকাতা-এই তিন যুগের অস্তিত্ব বর্তমান। আর, গৌড়ীয় যুগের ভাষাই একদা সমগ্র বাংলার আদর্শ সাহিত্যিক ভাষা ছিল। এই পরিপ্রেক্ষিতে সিলেটি উপভাষার ছাঁচ গৌড়ীয় বাংলায় অনুকৃত হওয়ায় নদীয়া যুগের ভাষার সঙ্গে তা কিঞ্চিৎ দূরবর্তী হয়ে পড়ে। এরূপ দূরবর্তিতা লক্ষ্য করে কারো কারো ধারণা সিলেটের বাক্যব্যবহার বহার বাংলা ভাষা হতে স্বতন্ত্র। এঁদের মধ্যে এডওয়ার্ড গেইটের বক্তব্য হচ্ছে: ‘Had sylhet ever acquired a literature we might have been entitled to speak of the vernacular of that district as a district tongue; as we do of Assamese’ (Gait, 1891 : 189)। ১৯০৯ সালে এম্পিরিয়েল গেজেটিয়ারেও সিলেটিকে বাংলা থেকে স্বতন্ত্র ভাষা হিসেবে উল্লেখ করা হয় যে, ‘Though the local dialect known as ‘Sylheti’ differs materially from the language spoken in Bengal proper’ ( উদ্ধৃত; কর, ১৯৯৯ : ১৫৭)।

অবশ্য স্বতন্ত্র হওয়ার কারণও ছিল। ভৌগোলিক অবস্থান ও রাজনৈতিক ঘূর্ণাবর্তে সিলেট কেন্দ্র থেকে দূরবর্তী হওয়ায় ভাষার পুরাতন স্রোতকে (গৌড়ীয় ধারা) অবলম্বন করেই স্বখাতে বাহিত হতে থাকে। কিন্তু তার অর্থ এই নয়, সিলেটি উপভাষা বাংলা ভাষা থেকে বিচ্ছিন্ন একটি স্বতন্ত্র ভাষা কিংবা অন্য কোনো ভাষার উপভাষা। এ প্রসঙ্গে ভুবন মোহন দেবশর্ম্মার মন্তব্য প্রণিধানযোগ্য যে, “শ্রীহট্টের কথ্যভাষা পুরাতন গৌড়ীয় বঙ্গভাষারই প্রতিকৃতি। পশ্চিমবঙ্গে রাজনীতি, ধর্মনীতি, সামাজিক অবস্থা প্রভৃতির সংস্কার সংগঠন ও পরিবর্তনে ভাষার দ্রুত গতিতে পরিবর্তন ঘটিয়াছে। শ্রীহট্টে তেমনভাবে সংস্কারের স্রোত বহে নাই; আমাদের কথ্যভাষার প্রবাহ অদ্যাপি বহুলাংশে সেই গৌড়ীয় খাতেই প্রবাহিত হইতেছে।

“শ্রীহট্টের কথ্যভাষায় যে সকল শব্দের ব্যবহার চলিতেছে তাহাদের অধিকাংশ পুরাতন বঙ্গসাহিত্যে সচরাচর ব্যবহৃত হইত। অনেক শব্দ সংস্কৃত বা হিন্দি ভাষার অনুরূপ। বিভক্তিব্যত্যয় বর্ণাগম, বর্ণলোপ, বর্ণবিকার, বর্ণবিপর্যয় প্রভৃতির বিভেদ দর্শন করিয়া যদি এক ভাষাকে অপর ভাষা হইতে পৃথক বলিয়া নির্দেশ করিতে হয়, তাহা হইলে বৈদিক সময় হইতে কালিদাসের কাব্যযুগ পর্যন্ত এক সংস্কৃতভাষার মধ্যে অসংখ্য ভাষা আবিষ্কৃত হইতে পারে। প্রকৃতপক্ষে বৈদিক ভাষা ও লৌকিক ভাষায় যতটুকু প্রভেদ, প্রাচীন বঙ্গভাষা ও অধুনাতন বঙ্গভাষায় তদপেক্ষা স্বল্পতর প্রভেদ বিদ্যমান। (দেবশর্ম্মা, ১৯৯৯ : ১৬০)”

সুতরাং জটিল ও বিচিত্র ভূ-রাজনৈতিক প্রতিবেশের কারণেই হোক আর ঐতিহ্য ও শিকড়ের প্রতি সহজাত সম্পৃক্ততার কারণেই হোক জন্মলগ্ন থেকে নানান মিশ্রণ ও প্রভাবে কালক্রমে সিলেটি উপভাষা বাংলার অন্যান্য উপভাষা থেকে স্বতন্ত্র ও বৈচিত্র্যমণ্ডিত। এই স্বাতন্ত্র্য যেমন তার আঞ্চলিক রূপে, তেমনি উচ্চারণগত পার্থক্যে, ধ্বনি-শব্দে-বাক্যে ও বিশিষ্টার্থক প্রয়োগেও। সিলেটি উপভাষার স্বাতন্ত্র্য সম্পর্কে ভাষাবিদ জর্জ গ্রিয়ার্সনের মন্তব্য ছিল যে ‘There are peculiarities of pronunciation, which tend to render it unintelligible to stranger. The inflections also differ from those of regular Bengal. (Griersion, 1903 : 221)। গ্রিয়ার্সনকে অনুসরণ করে আসাম ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে সিলেটি উপভাষার বৈশিষ্ট্য সম্পর্কে বলতে গিয়ে ‘there are several peculiarities of pronunciation’ বলা হয়েছে (Allen, 1905 : 73)। বাংলাদেশ ডিস্ট্রিক্ট গেজেটিয়ার, সিলেটে বিষয়টি এভাবে প্রতিফলিত হয়েছে যে, ‘The people of sylhet are very fond of their dialect. They hardly use any language other than their own dialect for a conversation with the people of their own district, whatever they may be and whatever be their own education and cultural attainments. (Rizvi, 1970 : 303)

অর্থাৎ, বিষয়টি হচ্ছে সিলেটি উপভাষা বাংলা ভাষারই একটি স্বতন্ত্র রূপ।

এ প্রসঙ্গে অপরাপর গবেষকের মন্তব্যও প্রণিধানযোগ্য যে সিলেটি উপভাষার বিশিষ্ট দিক সম্পর্কে সৈয়দ মুজতবা আলীর হচ্ছে, ‘আমার বিশ্বাস সিলেটী tonal language, আমার জানা মতে ইন্দোজার্মেনিক আর কোনো ভাষাতে এ ধরনের influence নেই। শুনেছি টিবেটো-বর্মন, চীনা ভাষা tonal , খুব সম্ভব সিলেটিদের উপর এই tonal influence নিকটবর্তী পাহাড়ী অঞ্চলের টিবেটো-বর্মন থেকে এসেছে। তাই গবেষণা হওয়া উচিত (১) সিলেটী tonal ভাষা কি না? (২) যদি হয়, তবে সে প্রভাব এলো কোথা থেকে? ( আলী, মুজতবা, ১৯৬১ : ৪৭২)। ভাষাছাঁচটির বিশেষ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য সম্পর্কে মুহম্মদ আবদুল হাইয়ের বিবেচনা হচ্ছে, ‘(পূর্ববঙ্গীয়) প্রতিটি উপভাষার মধ্যেই কিছু না কিছু বৈচিত্র্য আছে কিন্তু সিলেটের উপভাষায়-আমার মনে হয় তা সবচেয়ে বেশি। … সমস্ত সিলেট ভূ-খণ্ডের উপভাষার এমন একটি বৈশিষ্ট্য আছে যাকে সমানভাবেই ভাষাতাত্ত্বিক ও অভাষাতাত্ত্বিক সিলেটী বলে মানতে বাধ্য হন (হাই, ১৯৬২ : ৫৮৭)।

উপর্যুক্ত বক্তব্য আরও কিছু গবেষণা দ্বারা স্বীকৃত যে, বাংলাদেশের মধ্যে পূর্বপ্রান্তের দিকে অবস্থিত দক্ষিণের টেকনাফ থেকে উত্তরের আসাম পর্যন্ত বিস্তৃত ভূ-ভাগই বাংলাদেশের প্রাচীনতম ভূ-ভাগ হিসাবে চিহ্নিত। চট্টগ্রামের ভাষা, নোয়াখালীর ভাষা, কুমিল্লার ভাষা বা ত্রিপুরার ভাষা এবং সিলেটের ভাষা নামের কয়েকটি বৈশিষ্ট্যপূর্ণ আঞ্চলিক ভাষা প্রচলিত রয়েছে সে ভূ-খণ্ডের ভিতরে। ঐ চারটে আঞ্চলিক ভাষার মধ্যে ছিলোটি ভাষা নানা কারণে নিজস্ব বৈশিষ্ট্যগুণেই স্বাতন্ত্র্য লাভ করেছে (আলী, আসাদ্দর, ১৯৯৮ : ১৭০)।

সুতরাং ভাষাতাত্ত্বিক ও অভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য ও বিশেষত্ব নিয়েই সিলেটি উপভাষা বাংলা ভাষার প্রধান একটি উপভাষা হিসেবে বঙ্গীয় মানচিত্র ও মানচিত্রের বাইরে ইউরোপের বিলেতসহ বিভিন্ন জায়গায় মানুষর বুলি হিসেবে ব্যবহৃতই হচ্ছে না; দীর্ঘদিন ধরে লোকসাহিত্য ও অধুনা স্থানীয় আধুনিক সাহিত্যের মাধ্যম হিসেবেও ব্যবহৃত হয়ে আসছে। শুধু তা-ই নয়, যেসব বিস্তৃত অঞ্চলে ভাষাটি ছড়িয়ে পড়েছে; অনুসন্ধান ও পর্যবেক্ষণে দেখা যায় তাতে উপভাষাটি আঞ্চলিক রূপেও বৈশিষ্ট্যপূর্ণ, যা পূর্বে উল্লেখও করা হয়েছে।

দৈখোরা রচিত সিলেটি নাগরী পহেলা কিতাব-এ মুদ্রিত সিলেটি নাগরী হরফ

৮. পারস্পরিক বোধগম্যতা (Mutual Intelligibility)
ভাষা ও উপভাষার পার্থক্য নির্ধারণে ‘পারস্পরিক বোধগম্যতা’ একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে বিবেচিত হয়। সিলেটি ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যসমূহ প্রমিত বাংলার সঙ্গে যথেষ্ট ভিন্নতা প্রদর্শন করে। পারস্পরিক বোধগম্যতা বলতে বোঝায় দুই ভিন্ন ভাষাভাষী ব্যক্তি পূর্ব পরিচয় ছাড়াই একে অপরের ভাষা বোঝার সক্ষমতা। এর প্রধান উপাদান হচ্ছে ধ্বনিগত বোধগম্যতা (Phonological Intelligibility), শব্দগত বোধগম্যতা (Lexical Intelligibility) ও বাক্যগত বোধগম্যতা (Syntactic Intelligibility)

সিলেটির ও প্রমিত বাংলার মধ্যে সবচেয়ে লক্ষণীয় পার্থক্য ধ্বনিতত্ত্বে ও রূপমূলে। এই পার্থক্যগুলো বোধগম্যতায় বড়ো বাধা সৃষ্টি করে। বাক্যতাত্ত্বিক বৈশিষ্ট্যর ক্ষেত্রে সিলেটির বাক্যগঠন প্রমিত বাংলার তুলনায় ভিন্ন। যেমন ক্রিয়ার রূপান্তরে ভিন্নতা, পদক্রমের পরিবর্তন এবং বিশেষ পার্টিকল বা জোরপ্রদানকারী উপাদানের ব্যবহার। এগুলোও বোধগম্যতা হ্রাস করে। শব্দভাণ্ডারগত ভিন্নতার ক্ষেত্রে সিলেটিতে এমন বহু শব্দ রয়েছে যা প্রমিত বাংলায় ব্যবহৃত হয় না। এই শব্দগত ভিন্নতা সরাসরি অর্থ অনুধাবনে সমস্যা তৈরি করে। ফলে প্রমিত বাংলাভাষীরা সিলেটি বুঝতে অসুবিধা অনুভব করেন। অন্যদিকে সিলেটের শিক্ষিত মানুষের পক্ষে প্রমিত বাংলা অনুধাবনে সমস্যা না হলেও নিরক্ষর মানুষ কিংবা গ্রামাঞ্চলের মানুষ প্রমিত বাংলা তুলনামূলক কম অনুধাবন করতে পারেন। অবশ্য শিক্ষার বিস্তার ও মিডিয়ার কারণে অনুধাবন ক্ষমতা ক্রমশ বাড়ছে। কিন্তু কথনের ক্ষেত্রে শিক্ষিত সিলেটিরা প্রমিত ভাষায় কথা বলতে পারলেও সাধারণ মানুষ ভাষাপ্রকাশে প্রায় অপারগ। ভাষাবিজ্ঞানে এটি একটি ধারাবাহিকতা (Continuum) হিসেবে বিবেচিত, অর্থাৎ ‘পুরোপুরি বোঝা’ ও ‘একেবারেই না বোঝা’ এ দুইয়ের মাঝামাঝি একটি স্তরে রয়েছে যা গবেষণাযোগ্য।

ভাষাবিজ্ঞানের তত্ত্ব অনুযায়ী বোধগম্যতার মাত্রায় সিলেটি ও প্রমিত বাংলা ভাষীর এই সম্পর্ক একটি অসম সম্পর্ক। অর্থাৎ, এটি অসম পারস্পরিক বোধগম্যতার (Asymmetrical Intelligibility) উদাহরণও। অসম বোধগম্যতার বাস্তবতার প্রশ্নে সিলেটিভাষীদের ক্ষেত্রে প্রমিত বাংলা বোঝার সক্ষমতা বেশি (কারণ: শিক্ষা, গণমাধ্যম, প্রশাসনিক ব্যবহার), আর প্রমিত বাংলাভাষীদের ক্ষেত্রে সিলেটি বোঝা কঠিন (কারণ: অপরিচিত ধ্বনি, টোন, রূপমূল ও শব্দ; এমনকি বাক্য)। এর ফলাফল হচ্ছে একটি একমুখী (Unidirectional) বোধগম্যতা।

সুতরাং সিলেটি ও প্রমিত বাংলার মধ্যে পারস্পরিক বোধগম্যতা সীমিত এবং অসম। এমনরূপ বাস্তবতায় ভাষাবিচারে সিলেটি একটি স্বতন্ত্র রূপ হিসেবে বিবেচিত হতে পারে। তবে এর চূড়ান্ত অবস্থান নির্ধারণে সামাজিক ও রাজনৈতিক উপাদানও জরুরি হয়ে পড়ে।

৯. সমাজভাষাবৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি

৯.১ ভাষার মর্যাদা
বৃহত্তর বাংলা ভাষার ধারাবাহিকতার (Linguistic Continuum) মধ্যে সিলেটির ভাষার অবস্থানকে সমাজভাষাবৈজ্ঞানিক (Sociolinguitic) ও ভাবাদর্শগত দৃষ্টিকোণ ((Language Ideology) থেকে বিশ্লেষণের অবকাশ আছে। প্রচলিতভাবে সিলেটিকে বাংলার একটি উপভাষা হিসেবে শ্রেণিবদ্ধ করা হলেও এর ধ্বনিগত, শব্দভাণ্ডারগত ও রূপ-ব্যাকরণগত (Morphosyntactic) বৈচিত্র্যের প্রসঙ্গে এর শ্রেণিবিন্যাস নিয়ে প্রশ্ন তোলা যৌক্তিক। পারস্পরিক বোধগম্যতার মতো কাঠামোগত মানদণ্ড অতিক্রম করেও দৃষ্ট হয় যে, ‘ভাষাগত মতাদর্শ’, ‘প্রতীকী ক্ষমতা’ এবং ‘পরিচয়-রাজনীতি’ সিলেটির মর্যাদা নির্ধারণে ভূমিকা রাখে। ম্যাক্স ওয়াইনরিক (Weinreich, 1953), জোশুয়া ফিশম্যান (Fishman, 1972), পিয়েরি ব্যোরদ্যু (Bourdieu, 1991) এবং মিশেল ফুকো (Foucault,1972) প্রমুখের তাত্ত্বিক আলোচনা থেকে যুক্তি দেওয়া যায় যে সিলেটি একটি মধ্যবর্তী (Liminal) সমাজভাষাবৈজ্ঞানিক অবস্থানে রয়েছে, আর কাঠামোগতভাবে স্বতন্ত্র হলেও ভাবাদর্শগতভাবে অধস্তন। এ প্রসঙ্গে ভাষা-উপভাষা বিভাজন মূলত রাজনৈতিক এ তত্ত্ব, এবং সিলেটির অবস্থানকে ক্ষমতা, পরিচয় ও ঐতিহাসিক মান্যীকরণের প্রেক্ষাপটও বোঝা প্রয়োজন।

ভাষা ও উপভাষার পার্থক্য নির্ধারণে প্রথাগত গাঠনিকতাবাদী (Structuralist) দৃষ্টিভঙ্গি পারস্পরিক বোধগম্যতাকে প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করলেও সমকালীন সমাজভাষাবিজ্ঞান ক্ষমতা, মতাদর্শ ও পরিচয়ের ভূমিকাকে সামনে এনে এই ধারণাকে প্রশ্নবিদ্ধ করেছে। ম্যাক্স ওয়াইনরিকের বহুল উদ্ধৃত উক্তি ‘ভাষা হলো এমন একটি উপভাষা যার নিজস্ব সেনাবাহিনী ও নৌবাহিনী রয়েছে’-ভাষাগত শ্রেণিবিন্যাসের অন্তর্নিহিত রাজনৈতিক প্রকৃতিকে স্পষ্ট করে। এই বিতর্কের প্রেক্ষিতে সিলেটি একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে এবং প্রবাসী জনগোষ্ঠীর (বিশেষত যুক্তরাজ্যে বা বিলেতে) মধ্যে প্রচলিত এই ভাষারূপটি সাধারণত বাংলার উপভাষা হিসেবে বিবেচিত হলেও এর কাঠামোগত ভিন্নতা এবং শক্তিশালী গোষ্ঠীগত ও ভাষাগত পরিচয় এই ধারণাকে চ্যালেঞ্জ করে। এ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে ১) সিলেটি কতখানি মানবাংলা থেকে ভাষাগতভাবে স্বতন্ত্র?; ২) সামাজিক ও রাজনৈতিক কাঠামো কীভাবে এর শ্রেণিবিন্যাসকে প্রভাবিত করে? এবং ৩) পরিচয় কীভাবে এর মর্যাদা নির্ধারণে ভূমিকা রাখে?

তাই উপভাষা হিসেবে সিলেটির শ্রেণিবিন্যাস কেবল ভাষাগত মানদণ্ড দিয়ে নির্ধারণ করা সম্ভব নয়; বরং এটি মতাদর্শ, ক্ষমতা ও পরিচয়ভিত্তিক বৃহত্তর সমাজভাষাবৈজ্ঞানিক কাঠামোর মধ্যে বিশ্লেষণ করা প্রয়োজন। প্রথম দিকে ভাষাবিজ্ঞান গাঠনিক বৈশিষ্ট্যের ওপর নির্ভর করলেও জোশুয়া ফিশম্যান ভাষাকে জাতিসত্তা, জাতীয়তাবাদ ও সামাজিক স্তরবিন্যাসের সঙ্গে যুক্ত করে এই আলোচনাকে বিস্তৃত করেন। তাঁর ভাষা ও জাতিসত্তা ধারণা দেখায় যে ভাষা গোষ্ঠী-পরিচয়ের কেন্দ্রীয় উপাদান (Fishman, 1972)। অন্যদিকে পিয়েরি ব্যোরদ্যু ‘ভাষাগত পুঁজি’ (Linguistic Capital) ধারণা প্রবর্তন করেন, যেখানে তিনি দেখান যে নির্দিষ্ট ভাষারূপ প্রাতিষ্ঠানিক স্বীকৃতির মাধ্যমে মর্যাদা অর্জন করে এবং অন্য ভাষারূপগুলোকে প্রান্তিক করে তোলে (Bourdieu, 1991) । উপনিবেশ-উত্তর সমাজে এই কাঠামো বিশেষভাবে প্রাসঙ্গিক। একইসঙ্গে মিশেল ফুকোর ডিসকোর্স-তত্ত্ব দেখায় যে জ্ঞানব্যবস্থা ভাষাগত মানদণ্ডসহ ক্ষমতার সম্পর্ক দ্বারা গঠিত (Foucault,1972)। এই দৃষ্টিকোণ থেকে সিলেটিকে উপভাষা হিসেবে চিহ্নিত করা একটি বাচনিক (Discursive) প্রক্রিয়া, যা ভাষাগত শ্রেণিবিন্যাসকে শ্রেণিক্রমে বিন্যস্ত করে।

তত্ত্বগত দিক থেকে পারস্পরিক বোধগম্যতা (Mutual Intelligibility) ভাষা ও উপভাষার পার্থক্য নির্ধারণে এটি প্রচলিত মানদণ্ড হলেও এর বিষয়গত ও প্রেক্ষাপটনির্ভর প্রকৃতি একে সীমাবদ্ধ করে। অন্যদিকে ভাষাগত মতাদর্শ (Language Ideology) ভাষা সম্পর্কে বিশ্বাস ও ধারণা সামাজিক বৈষম্যকে স্বাভাবিক করে তোলে এবং ‘মান্য’ ভাষারূপকে প্রাধান্য দেয়। ভাষাগত পুঁজি ও প্রতীকী ক্ষমতার ক্ষেত্রে পিয়েরি ব্যোরদ্যুর ধারণা হচ্ছে ভাষা সামাজিক সুবিধা অর্জনের মাধ্যম। বচন ও ক্ষমতার ক্ষেত্রে মিশেল ফুকোর মতে ভাষাগত শ্রেণিবিভাগ বাচনিক প্রক্রিয়ার ফল, যা ‘স্বাভাবিক’ ও ‘অস্বাভাবিক’-এর ধারণা তৈরি করে। তাই ভাষাগত মতাদর্শ ও মর্যাদার প্রশ্নে প্রমিত বাংলা শিক্ষা, প্রশাসন ও সাহিত্যিক কারণে মর্যাদা পায়, বৈধ হয়ে ওঠে; যেখানে সিলেটি ‘অমান্য’ হিসেবে বিবেচিত হয়, প্রান্তিক বা অধঃস্তন হয়ে পড়ে।

অন্যদিকে নিজ দেশে সিলেটের মানুষের আত্মপরিচয়ের (প্রথম পরিচয়, সিলেটি) প্রধান উপাদান এই ভাষা; প্রবাসেও, বিশেষ করে অনাবাসী বিলেতি জনগণের কাছে ভাষাটি সাংস্কৃতিক পরিচয়েরও প্রতীক এবং সম্প্রদায় বা গোষ্ঠীগত পার্থক্যেরও চিহ্ন। তাহলেও ঐতিহাসিক ও রাজনৈতিক প্রেক্ষাপটে উপনিবেশিক ও পরবর্তী ভাষানীতির কারণে সিলেটি প্রান্তিক হয়ে পড়ে। সিলেটি নাগরি লিপির বিলুপ্তিও এর একটি কারণ। তাই প্রাতিষ্ঠানিক স্বীকৃতির অভাব, মান্য লিপির অনুপস্থিতি, প্রমিত বাংলার আধিপত্য কিংবা রাষ্ট্রভাষা বাংলা হওয়ায় সিলেটির মর্যাদা সীমিত হয়ে পড়ে। অথচ বিলেতে বাংলা ভাষার আধিপত্য না থাকার কারণে কিংবা প্রচুর বাঙালি (বাংলাদেশি ও ভারতীয়) থাকা সত্ত্বেও লন্ডনের অফিস, আদালত, ব্যবসা-বাণিজ্য প্রতিষ্ঠান, শিক্ষাব্যবস্থায় সিলেটি কোনো উপভাষা নয়; একটি স্বীকৃত ও স্বতন্ত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত। এথেকেও প্রমাণ মেলে ভাষা ও উপভাষা পার্থক্য মূলত ভাবাদর্শগত ও রাজনৈতিক, এবং তা ক্ষমতাকাঠমোর সঙ্গে জড়িত। সুতরাং সামগ্রিকভাবে সিলেটির অবস্থান বোঝার জন্য ভাষাতাত্ত্বিক বিশ্লেষণের পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক কাঠামো পুনর্বিবেচনা করা জরুরি।

৯.২ ডাইগ্লসিয়া (Diglossia)
‘ডাইগ্লসিয়া’ ধারণাটি সমাজভাষাবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বিষয়, যা এমন পরিস্থিতি নির্দেশ করে যেখানে একটি ভাষা-সমাজে দুটি ভাষারূপ সহাবস্থান করে এবং প্রত্যেকটি ভিন্ন ভিন্ন কাজে ব্যবহৃত হয়। বহুভাষিক সমাজে ডাইগ্লসিয় কেবল ভাষাগত পার্থক্য নয়, বরং সামাজিক স্তরবিন্যাসও প্রতিফলিত করে। বাংলাদেশে প্রমিত বাংলা ও সিলেটির ভাষারূপের সম্পর্ক ডাইগ্লসিয়ার একটি উদাহরণ কিনা বিশ্লেষণ যোগ্য। বাংলাদেশে বাংলা শিক্ষা, প্রশাসন ও সাহিত্যের ভাষা হিসেবে প্রতিষ্ঠিত, একদিকে সিলেটি মূলত অনানুষ্ঠানিক, পারিবারিক ও সামাজিক প্রেক্ষাপটে ব্যবহৃত হয়, অন্যদিকে লোকসাহিত্য ও আধুনিক সাহিত্যেও ব্যবহৃত হচ্ছে। এক্ষেত্রে অনুসন্ধান জরুরি যে, ১) প্রমিত বাংলা ও সিলেটির সম্পর্ক কতখানি ডাইগ্লসিয়া হিসেবে বিবেচিত হতে পারে?; ২) ভাষা ব্যবহারের ক্ষেত্রগুলো কীভাবে দুই ভাষারূপের মধ্যে বণ্টিত? এবং ৩) মতাদর্শ ও পরিচয় কীভাবে এই ডাইগ্লসিক কাঠামোকে রক্ষা বা পরিবর্তন করে?

‘ডাইগ্লসিয়া’ শব্দটি প্রথম তাত্ত্বিকভাবে বিশ্লেষণ করেন চার্লস ফার্গুসন, যিনি কার্যগত বণ্টন, মর্যাদা পার্থক্য এবং ভাষা অর্জনের ধরণকে এর মূল বৈশিষ্ট্য হিসেবে চিহ্নিত করেন। তাঁর মডেলে উচ্চ (H) ভাষারূপ আনুষ্ঠানিক ক্ষেত্রে ব্যবহৃত হয়, আর নিম্ন (L) ভাষারূপ দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত হয় (Ferguson, 1959)। ফিশম্যান এই ধারণাকে সম্প্রসারিত করে দ্বিভাষিকতা ও সমাজ-সাংস্কৃতিক উপাদান যুক্ত করেন এবং দেখান যে ডাইগ্লসিয়া একই ভাষার ভিন্ন রূপের মধ্যে যেমন থাকতে পারে, তেমনি ভিন্ন ভাষার মধ্যেও থাকতে পারে (Fishman, 1972)। অন্যদিকে পিয়েরি ব্যোরদ্যু ‘ভাষাগত পুঁজি’ ধারণার মাধ্যমে ব্যাখ্যা করেন কেন কিছু ভাষারূপ বেশি মর্যাদা পায়; তার তত্ত্বানুয়ী উচ্চ ভাষারূপ সাধারণত প্রতীকী ক্ষমতা বহন করে এবং সামাজিক শ্রেণিবিন্যাসকে শক্তিশালী করে (Bourdieu, 1991)।

বাংলার ক্ষেত্রে সাধু ও চলিত ভাষাকে যে-সব ভাষাবিজ্ঞানী ডাইগ্লসিয়া হিসেবে দেখান তা যথার্থ নয়; একইভাবে সিলেটি ও বাংলার সম্পর্কও ডাইগ্লসিক নয়। এমন নয় যে, সিলেটি বাংলার একটি স্বীকৃতি রূপ কিংবা তার ডাইগ্লসিক বণ্টন উচ্চ ভাষারূপ (H) বাংলা আর নিম্ন ভাষারূপ (L) সিলেটি। যদিও প্রমিত বাংলা ব্যবহৃত হয় শিক্ষা ও একাডেমিক প্রতিষ্ঠান, সরকার ও প্রশাসন এবং সাহিত্য ও গণমাধ্যমে। এটি মান্যীকৃত ও প্রাতিষ্ঠানিক হলেও উচ্চ মর্যাদাসম্পন্ন এমন নয়। আবার সিলেটি ব্যবহৃত হয় একটি নির্দিষ্ট অঞ্চলে এবং তা একটি গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ। পারিবারিক যোগাযোগ, স্থানীয় সামাজিক মিথস্ক্রিয়া, দৈনন্দিন জীবনে, লোকসাহিত্যে এবং ভাষীরা আধুনিক সাহিত্যে ও গণমাধ্যমে ব্যবহার করে। প্রধানত মৌখিক, কম মান্যীকৃত এবং অনেকটা অবমূল্যায়িত। তাই বলে নিম্ন মর্যাদাসম্পন্ন নয়। যদিও সাধারণ্য প্রমিত বাংলা শুদ্ধ এবং শিক্ষিতদের ভাষা হিসেবে বিবেচিত এবং সিলেটি অনানুষ্ঠানিক ভাষা হিসেবে বিবেচিত।

অন্যদিকে সিলেটিভাষী সমাজে ভাষাটি ঐতিহ্য, গৌরব ও আঞ্চলিক পরিচয়ের প্রতীক; সামাজিক সংহতির মাধ্যম এবং অপর বাঙালি গোষ্ঠী থেকে পার্থক্য নির্দেশকারী উপাদান। এছাড়া বিলেতে সিলেটি স্বতন্ত্র এবং মর্যাদাপূর্ণ আনুষ্ঠানিক ভাষা নিয়ে বর্তমান, বাংলার একটি রূপ মাত্র নয়। তাই যারা সিলেটি ও প্রমিত বাংলার সম্পর্ক একটি জটিল ডাইগ্লসিয়ার বলে মনে করেন ডাইগ্লসিয়াতত্ত্বে তা খাটে না। তাই সিলেটি প্রশ্নে হয় এটি স্বতন্ত্র ভাষা, নতুবা এটি বাংলার উপভাষা; কিংবা কোনো ভাষারূপ।

১০. সিলেটি: ভাষা না উপভাষা বিতর্ক বিশ্লেষণ
সিলেটি ভাষা না উপভাষা-সঙ্গত কারণেই এরূপ বিতর্ক তৈরি হয়েছে। কেননা, এতে উপভাষার বৈশিষ্ট্য যেমন আছে, তেমনি রয়েছে স্বতন্ত্র ভাষারও বৈশিষ্ট্য। প্রথমে উপভাষা হিসেবে সিলেটির যুক্তি দেওয়া যেতে পারে। এ-ব্যাপারে প্রথম যে-কথাটি হলো; সিলেটি ভাষার মর্যাদা নিয়ে বিতর্ক থাকলেও একাধিক ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক ও সমাজভাষাবৈজ্ঞানিক যুক্তির ভিত্তিতে একে বাংলা ভাষার একটি উপভাষা হিসেবে চিহ্নিত করা যায়। অর্থাৎ, এরূপ শ্রেণিক্রমের পেছনে শক্তিশালী যুক্তি হচ্ছে বাংলা ভাষার সঙ্গে ঐতিহাসিক এবং ভাষাতাত্ত্বিক সম্পর্ক, মৌখিক রূপের ব্যবহার, সর্বজনীন লিপির অভাব, সীমিত মর্যাদা, বিশেষ অঞ্চল ও গোষ্ঠীর মধ্যে আবদ্ধ, জ্ঞানকাণ্ডের সঙ্গে যুক্ত না থাকা ইত্যাদি। সিলেটি ও বাংলা উভয়ই পূর্ব ইন্দো-আর্য ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এবং একটি মূল ভাষা থেকে অর্থাৎ, গৌড়ীয় প্রাকৃত থেকে অপভ্রংশ স্তর পেরিয়ে উদ্ভূত। সুনীতিকুমার চট্টোপাধ্যায়, সুকুমার সেন (সেন, ১৯৯০) ও মুহম্মদ শহীদুল্লাহ্ (শহীদুল্লাহ্, ১৯৭৩) প্রমুখ পণ্ডিত দেখিয়েছেন যে বাংলা ভাষার আঞ্চলিক রূপগুলো একই উৎস থেকে বিকশিত হয়েছে। ফলে সিলেটি আলাদা ভাষা নয়; বরং বাংলা ভাষারই একটি আঞ্চলিক বিকাশ। এর সবচেয়ে বড়ো প্রমাণ কিছু বৈচিত্র্য ব্যতিরেকে বাংলার ধ্বনিতত্ত্ব, রূপমূলতত্ত্ব, বাক্যতত্ত্ব, শব্দভাণ্ডার সবই সিলেটিতে বর্তমান। যে-টুকু বিত্রিতা তা আঞ্চলিক, প্রতিবেশগত, সমাজতাত্ত্বিক ইত্যাদি কারণে হতেই পারে; উপভাষার ক্ষেত্রে হয়ও। অন্যিদিকে সিলেটি মূলত একটি মৌখিক ভাষারূপ-দৈনন্দিন কথোপকথনে ব্যবহৃত হয় এবং লিখিত সাহিত্য বা একাডেমিক চর্চায় সীমিত। উপভাষার একটি প্রধান বৈশিষ্ট্য হলো এর মৌখিকতা, যা সিলেটির ক্ষেত্রে স্পষ্ট। আবার, উপভাষা মৌখিক বা কথ্যরূপ হওয়ার কারণে লিপির প্রয়োজন পড়েনা; বাংলা কিংবা নব্যভারতীয় আর্যভাষার কোনো উপভাষারই লিখিতরূপ বা লিপি নেই। যদিও অতীতে সিলেটি নাগরী লিপির অস্তিত্ব ছিল, বর্তমানে তা ব্যবহৃত হয় না বা তা মান্য নয়। সিলেটি লেখার জন্য সাধারণত বাংলা লিপিই ব্যবহৃত হয়। একটি স্বতন্ত্র ভাষার জন্য যেখানে একটি মান্য ও প্রাতিষ্ঠানিক লিপি গুরুত্বপূর্ণ, সেখানে সিলেটিতে তা অনুপস্থিত। সুতরাং ভাষাটির লেখার জন্য সর্বজনীন মান্য লিপির অভাব একে উপভাষার কাতারে নিয়ে যায়।

সমাজভাষাবৈজ্ঞানিক দৃষ্টিতে প্রমিত বাংলা উচ্চ মর্যাদাসম্পন্ন (High variety) এবং সিলেটি নিম্ন মর্যাদাসম্পন্ন (Low variety) এমন না হলেও প্রাতিষ্ঠানিক ক্ষেত্রে সিলেটির সীমিত মর্যাদা একে উপভাষা হিসেবে চিহ্নিত করতে সহায়ক। পিয়েরি ব্যোর্দেয়ুর তত্ত্বানুযায়ী মান ভাষাই যেখানে সামাজিক ও রাজনৈতিক ক্ষমতা বহন করে, এক্ষেত্রে প্রমিত বাংলা সিলেটির ক্ষমতাকে হরণ করে।  অন্যদিকে, নির্দিষ্ট অঞ্চল ও গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধতা ভাষাটিকে উপভাষাবর্গে ভাগ করার যথেষ্ট কারণ রয়েছে। মূলত সিলেট অঞ্চলে এবং প্রবাসের সিলেটি অধ্যুষিত অঞ্চলসমূহে নিজেদের মধ্যে ভাষাটি ব্যবহৃত হয়। অর্থাৎ এর ব্যবহার ভৌগোলিক ও গোষ্ঠীগতভাবে সীমিত, যা উপভাষার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আবার, জ্ঞানকাণ্ড ও প্রাতিষ্ঠানিক ব্যবহারে অনুপস্থিতি সিলেটির ভাষার মর্যাদাকে ব্যাহত করে। সিলেটি ভাষা শিক্ষা, প্রশাসন, আইন, উচ্চতর জ্ঞানচর্চা প্রভৃতি ক্ষেত্রগুলোতে ব্যবহৃত হয় না, এখানে প্রমিত বাংলা ব্যবহৃত হয়। ভাষার পূর্ণাঙ্গ মর্যাদা পেতে হলে এসব ক্ষেত্রে ব্যবহার থাকা জরুরি। আবার, পারস্পরিক বোধগম্যতার বিষয়ে বলতে গেলে যদিও কিছু ক্ষেত্রে বোঝার সমস্যা হয়, তবুও সিলেটি ও বাংলা ভাষীদের মধ্যে একটি মৌলিক বোঝাপড়া বিদ্যমান; বিশেষত সিলেটিভাষীদের ক্ষেত্রে। এই আংশিক বোধগম্যতাও উপভাষা হিসেবে চিহ্নিত করার একটি ভিত্তি।

এসব আলাপ থেকে বলা চলে যে সিলেটির ঐতিহাসিক উৎস বাংলা ভাষার সঙ্গে অভিন্ন। এটি মূলত ভাষার মৌখিক ও আঞ্চলিক একটি রূপ। এর প্রাতিষ্ঠানিক স্বীকৃতি ও মান্যতাও সীমিত। অতএব, ভাষাতাত্ত্বিক ও সমাজভাষাবৈজ্ঞানিক মানদণ্ডে সিলেটিকে বাংলা ভাষার একটি উপভাষা হিসেবে বিবেচনা করা যায়।

অন্যদিকে; সাধারণত বাংলার উপভাষা হিসেবে চিহ্নিত হলেও ভাষাতাত্ত্বিক, সমাজভাষাবৈজ্ঞানিক ও ঐতিহাসিক বিভিন্ন দৃষ্টিকোণ থেকে এমন কিছু শক্তিশালী যুক্তি রয়েছে যে, সিলেটিকে একটি স্বতন্ত্র ভাষা হিসেবে বিবেচনা করা উচিত। আধুনিক সমাজভাষাবিজ্ঞান ভাষার মর্যাদাকে কেবল ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্যের ভিত্তিতে নয়; বরং পরিচয়, ক্ষমতা ও ব্যবহারিক বাস্তবতার আলোকে ব্যাখ্যা করে, সিলেটির এই অবস্থান সেই দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ, স্বতন্ত্র ভাষা হিসেবে সিলেটির যুক্তি হচ্ছে ভাষাতাত্ত্বিক স্বাতন্ত্র্য (Linguistic Distinctiveness), পারস্পরিক বোধগম্যতার অভাব, স্বতন্ত্র লিপির ঐতিহ্য, পরিচয়, গোষ্ঠীচেতনা, গভীতরতর সাংস্কৃতিক বন্ধন, সীমিত ক্ষেত্রে প্রাতিষ্ঠানিক স্বীকৃতি, সংস্কৃতিচর্চা, গণমাধ্যমে ব্যবহার, আধুনিক সাহিত্যচর্চা, চলচ্চিত্র ও নাটক নির্মাণ, টক-শো, বক্তৃতা ও সমাবেশে ব্যবহার ইত্যাদি। প্রথমেই ভাষাতাত্ত্বিক যুক্তি-প্রমাণ। ‘সিলেটির ভাষাতাত্ত্বিক রূপ (Linguistic feature of Sylheti)’-শীর্ষক অংশে (৬.১-৬.৫)সিলেটি ভাষাতত্ত্বের স্বরূপ নির্দেশিত হয়েছে, যা থেকে প্রতীয়মান হয় সিলেটি ও মানবাংলার মধ্যে ধ্বনিগত, রূপমূল ও শব্দগঠনগত, বাক্যগত ও শব্দভাণ্ডারগত পার্থক্য বিদ্যমান। এই মাত্রার পার্থক্য তুলনামূলক ভাষাবিজ্ঞানে পৃথক ভাষা হিসেবে বিবেচনার পক্ষে যুক্তি দিয়ে থাকে।

স্বতন্ত্র ঐতিহাসিক বিকাশের প্রশ্নেও স্বতন্ত্র ভাষার দাবি সিলেটি করতে পারে। যদিও সিলেটি ও বাংলা উভয়ই পূর্ব ইন্দো-আর্য ভাষা থেকে উদ্ভূত, তবুও সিলেটি নিজস্ব পথে বিকশিত হয়েছে। অঞ্চিলটির ভৌত-পরিবেশ, নৃতাত্ত্বিক, ভাষা-সংযোগ প্রভৃতি কারণে ও পৃথক ধ্বনিগত বিবর্তনের ভিতর দিয়ে এর বিকাশকে খর্ব করে দেখার সুযোগ কম। স্বতন্ত্র রূপমূল ও শব্দভাণ্ডার, অঞ্চলভিত্তিক ব্যাকরণগত বৈশিষ্ট্যের বিকাশ ভাষাগত স্বাধীনতার একটি গুরুত্বপূর্ণ সূচক। এই কাঠামোগত স্বাতন্ত্র্য ভাষা হিসেবে স্বীকৃতির একটি মৌলিক শর্ত পূরণ করে। একই সঙ্গে স্বতন্ত্র লিপির অস্তিত্ব ভাষার স্বাতন্ত্র্যে, স্বায়ত্তশাসন ও সাংস্কৃতিক গভীরতার একটি শক্তিশালী প্রমাণ, যদিও বর্তমানে এর ব্যবহার সীমিত। সিলেটি নাগরি লিপিতে যে শুধু ধর্মীয় ও লোকসাহিত্য রচিত হয়েছে তা নয়, দৈনন্দিন কাজেও লিপিটির ব্যবহার ছিল।

সমাজভাষাতাত্ত্বিক দিক থেকে ভাষা নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হলো পারস্পরিক বোধগম্যতা। সিলেটি ও মানবাংলার ক্ষেত্রে এটি অসমমিত (Asymmetrical)। সিলেটিভাষীরা শিক্ষা ও গণমাধ্যমের কারণে মানবাংলা বুঝতে পারে, কিন্তু প্রমিত বাংলাভাষীরা সিলেটি বুঝতে সমস্যায় পড়েন। অর্থাৎ এতে পারস্পরিক বোধগম্যতার অভাব (Mutual Intelligibility Gap) বিদ্যমান। এটি প্রমাণ করে যে বোধগম্যতা সামাজিকভাবে অর্জিত, গাঠনিকভাবে স্বাভাবিক নয়, যা পৃথক ভাষার বিবেচনাকে সমর্থন করে। শক্তিশালী ভাষাগত পরিচয়ের (Ethnolinguistic Identity) দিক থেকে সিলেটিভাষীরা, বিশেষ করে প্রবাসে একে আঞ্চলিক ও সাংস্কৃতিক পরিচয়ের প্রতীক বা উপাদান হিসেবে দেখেন; এমনকি অন্য বাঙালি গোষ্ঠী থেকে পৃথকতার চিহ্ন হিসেবে নিজভাষাকেই সামনে নিয়ে আসেন। বিষয়টি জোশুয়া ফিশম্যনের ভাষা ও জাতিসত্তা-তত্ত্বের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ।

অন্যদিকে প্রান্তিকতা ও ক্ষমতার দিক থেকে সিলেটিকে ‘উপভাষা’ হিসেবে চিহ্নিত করা অনেকাংশে ক্ষমতার কাঠামোর ফল। প্রমিত বাংলা রাষ্ট্রভাষা এবং প্রাতিষ্ঠানিকভাবে প্রভাবশালী, সিলেটির সরকারি স্বীকৃতি নেই। এছাড়াও পিয়েরি ব্যোর্দেয়ুর ভাষার মর্যাদা বিষয়ক তত্ত্ব যে ভাষা প্রতীকী ক্ষমতার মাধ্যমে নির্ধারিত হয়, ভাষাগত বৈশিষ্ট্যের মাধ্যমে নয়; সিলেটির ক্ষেত্রে এমনটা ঘটার যুক্তিকে অস্বীকার করা যায় না।

বিলেতে প্রমিত বাংলার অবস্থিতি সত্ত্বেও সেখানকার ক্ষমতা-কাঠামোতে প্রমিত বাংলা অধঃস্তন, বরং সিলেটি ভাষার কার্যকর স্বাধীনতা ও ক্ষমতা বিদ্যমান। প্রধান পারিবারিক ভাষা, সম্প্রদায়ভিত্তিক যোগাযোগের মাধ্যম, সিলেটিদের চালিত বেতার-টেলিভিশন, সংবাদপত্র সহ বিভিন্ন যোগাযোগ মাধ্যমে সিলেটি অবাধ। সিলেটির এই কার্যকর স্বাধীনতা স্বতন্ত্র ভাষা হিসেবে নিজের অবস্থানকে শক্তিশালী করে। মাক্স ওয়াইনরিকের ভাষা-নির্ধারণের রাজনৈতিক চরিত্র অর্থাৎ ভাষা বা উপভাষা যে একটি রাজনৈতিক নির্মাণ সিলেটির ক্ষেত্রে এই তাত্ত্বিক সমর্থন মেলে যে;বিলেতের ভাষা-রাজনীতিতে সিলেটি স্বতন্ত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত হলেও বাংলাদেশের ভাষা-রাজনীতি ও ক্ষমতাকাঠামোতে সিলেটি বাংলার অধঃস্তন, উপভাষা মাত্র।  যদিও বাংলাদেশে রাষ্ট্রীয় স্বীকৃতি সীমিত, তবুও কিছু ক্ষেত্রে সিলেটিকে ভাষা হিসেবে উল্লেখ জাতীয় নথিতে দেখা যায়, যখন যুক্তরাজ্যের সঙ্গে দ্বিপাক্ষিক আলাপ-আলোচনা হয়। কেননা বিলেতে সাংস্কৃতিক সংগঠন, প্রবাসী সম্প্রদায়ভিত্তিক শিক্ষা, অনানুষ্ঠানিক ভাষা শিক্ষা, অভিবাসন-সংক্রান্ত কার্যাদি প্রভৃতিতে এটি ভাষার প্রাতিষ্ঠানিকীকরণের প্রাথমিক ধাপ (Emerging Institutional Recognition) নির্দেশ করে।

সংস্কৃতিচর্চা ও সাংস্কৃতিক স্বতন্ত্রতার দিক থেকে সিলেটি ভাষা একটি পৃথক সত্তা ও সাংস্কৃতিক জগৎ বহন করে। লোকগান, কবিতা ও আঞ্চলিক সাহিত্য, আঞ্চলিক উৎসব ও রীতি-রেওয়াজ, স্বতন্ত্র সাংস্কৃতিক পরিচয় ভাষা ও সংস্কৃতি এখানে গভীরভাবে সংযুক্ত। বিলেত ছাড়ও সিলেটি ভাষা এখন বিভিন্ন মাধ্যমে ব্যবহৃত হচ্ছে; ইউটিউব চ্যানেল, স্থানীয় রেডিও ও অনলাইন মিডিয়া, সামাজিক যোগাযোগমাধ্যম প্রভৃতিতে মিডিয়ায় উপস্থিতি ভাষার জীবন্ত ও সক্রিয় অস্তিত্ব নির্দেশ করে। আধুনিক সাহিত্যচর্চায় কবিতা, গল্প, নাটক, উপন্যাস, চলচ্চিত্র লিখিত চলছে যা ভাষার সাহিত্যিক বিকাশকে নির্দেশ করে। সাহিত্যচর্চা ভাষার পরিপক্বতার একটি গুরুত্বপূর্ণ সূচক। নাটক, চলচ্চিত্র ও সৃজনশীল শিল্পে ব্যবহার ভাষার সৃজনশীল শিল্পে প্রতিষ্ঠিত অবস্থান নির্দেশ করে। এছাড়া টক-শো, বক্তৃতা ও সমাবেশে ব্যবহার এটি ভাষার জনপরিসরে সক্রিয় উপস্থিতি প্রমাণ করে। এই পরিপ্রেক্ষিতে সিলেটিকে ‘উপভাষা’ বলা ঐতিহাসিক ও প্রাতিষ্ঠানিক প্রক্রিয়ার ফল হতে পারে, ভাষাগত বাস্তবতার নয়।

এসব ভাষাতাত্ত্বিক, ঐতিহাসিক, তাত্ত্বিক ও সমাজভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সিলেটি একটি স্বতন্ত্র ভাষার বহু বৈশিষ্ট্য ধারণ করে। এর ধ্বনিগত বৈচিত্র্য, সীমিত পারস্পরিক বোধগম্যতা, নিজস্ব লিপি, সাংস্কৃতিক গভীরতা, গোষ্ঠীগত চেতনা এবং শক্তিশালী ভাষাগত পরিচয় সবই এই দাবিকে সমর্থন করে। যদিও সিলেটিকে ভাষা না উপভাষা হিসেবে দেখা হবে তা নির্ভর করে ভাষাতাত্ত্বিক মানদণ্ডের পাশাপাশি ক্ষমতা, পরিচয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতির ওপর।

১১. উপসংহার
উপর্যুক্ত ভাষাতথ্য, তত্ত্ব ও আলোচনার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্তে উপনীত হওয়া যায় যে, সিলেটি ভাষার অবস্থানকে ভাষা ও উপভাষার প্রচলিত দ্বৈত কাঠামোর মধ্যে সম্পূর্ণভাবে সীমাবদ্ধ করা সম্ভব নয়। এর ধ্বনিগত, রূপমূলগত, শব্দভাণ্ডারগত ও ব্যাকরণিক স্বাতন্ত্র্য; সীমিত পারস্পরিক বোধগম্যতা, ঐতিহাসিক বিকাশ এবং শক্তিশালী সাংস্কৃতিক-পরিচয়গত ভূমিকা একে স্বতন্ত্র ভাষার বৈশিষ্ট্যের দিকে নির্দেশ করে। একই সঙ্গে প্রমিত বাংলার সঙ্গে এর ঘনিষ্ঠ ঐতিহাসিক সম্পর্ক, প্রাতিষ্ঠানিক স্বীকৃতির সীমাবদ্ধতা এবং প্রশাসনিক-শিক্ষাগত প্রাধান্য এটিকে পূর্ণাঙ্গ স্বতন্ত্র ভাষা হিসেবে প্রতিষ্ঠিত করার পথে বাধা সৃষ্টি করে। অর্থাৎ, এটি একদিকে বাংলা ভাষার সঙ্গে গভীরভাবে যুক্ত, আবার অন্যদিকে নিজস্ব বৈশিষ্ট্যে স্বতন্ত্র। এই পরিস্থিতিতে আধুনিক ভাষাবিজ্ঞানের ‘Language Continuum’ ধারণা অনুযায়ী সিলেটি ভাষিক রূপ Language-Dialect continuum-এর মধ্যে অবস্থান করে বলে একে স্বতন্ত্র ভাষারূপ (Variety) চিহ্নিত করা যায়। অর্থাৎ, সমাজভাষাবৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে সিলেটিকে একটি স্থির শ্রেণিতে নয়, বরং একটি ধারাবাহিকতার (Continuum) মধ্যে অবস্থানকারী সীমান্তবর্তী ভাষারূপ (Borderline/Transitional Linguistic Variety) হিসেবে বিবেচনা করা অধিক যুক্তিসঙ্গত। এই অবস্থান ভাষা ও উপভাষার কঠোর বিভাজনকে অতিক্রম করে আধুনিক ভাষাবিজ্ঞানের গতিশীল ও বাস্তবভিত্তিক দৃষ্টিভঙ্গিকে প্রতিফলিত করে।

১২. তথ্যসূত্র (References)

আলী, সৈয়দ মুজতবা (১৯৬২), ‘সিলেটী’, `পরিক্রম’ (১ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা; মাঘ ১৩৬৯), ঢাকা;

আলী, সৈয়দ মুর্তাজা (১৩৭০), ‘চর্যাপদের ভাষা’, ‘সাহিত্য পত্রিকা’ (সপ্তম বর্ষ, ২য় সংখ্যা), ঢাকা: ঢা.বি.;

আসাদ্দর আলী (১৯৯৩) `চর্যাপদে সিলেটি ভাষা, লন্ডন: ফরেস্ট গেইট;

-১৯৯৮। ছিলোটি ভাষা। সিলেট : তাইয়্যেবা প্রকাশনী;

ইসলাম, পি. এম. সফিকুল (১৯৯২), `রাজশাহীর উপভাষা’, ঢাকা : বাংলা একাডেমী;

উদ্দিন, মো. জফির (২০২০), ‘সিলেটি উপভাষার উজানি ও ভাটি রূপ’, ‘সাস্ট জার্নাল অব সোসাল সায়েন্সেস: (৩১-২)’, সিলেট: শাবিপ্রবি;

-(২০১৮), ‘সিলেটি উপভাষা-পরিস্থিতি: শ্রেণিকরণ অনুষঙ্গে’, `মাতৃভাষা পত্রিকা’ (বর্ষ ৪ সংখ্যা ১), ঢাকা: আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট;

-(২০০৯), ‘সিলেটি উপভাষা: সমাজভাষাবৈজ্ঞানিক বিশ্লেষণ, অপ্রকাশিত পিএইচডি অভিসন্দর্ভ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়: বাংলা বিভাগ;

কর, সুবীর (১৯৯৯) `বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস’, কলকাতা: পুস্তক বিপণি;

জুলফিকার আলিী, মহাম্মদ (২০২৬), ‘সিলটি ভাষাকে দেশের দ্বিতীয় রাষ্ট্রভাষা করার দাবি সিলেটিদের’, ‘ডিজিটাল খবর’, অনলাইন পোর্টাল;

দেবশর্ম্মা, ভুবন মোহন (১৯৯৯) ‘সুরমোপত্যকা সাহিত্য সম্মিলনীর সভাপতির অভিভাষণ’, বরাক উপত্যকার ভাষা সংগ্রামের ইতিহাস, সংকলক: সুবীর কর, কলকাতা : পুস্তক বিপণি;

পুরাকাইত, নিখিলেশ (১৯৮৯), ‘বাংলা, অসমীয়া ও ওড়িয়া ভাষার ভৌগোলিক জরিপ’, কলকাতা : সুবর্ণরেখা;

মনজুর মোরশেদ, আবুল কালাম (১৯৯৭), `আধুনিক ভাষাতত্ত্ব’ কলকাতা : নয়া উদ্যোগ;

মনিরুজ্জামান (১৯৯৪) `উপভাষা চর্চার ভূমিকা’, ঢাকা: বাংলা একাডেমি;

মুসা, মনসুর (১৯৯৯), ‘সিলেটের উপভাষা অধ্যয়নের ইতিহাস ও সংশ্লিষ্ট সমস্যা’, সিলেট : ইতিহাস ঐতিহ্য,  সম্পা.: শরীফ উদ্দিন আহমেদ, ঢাকা: বাংলাদেশ ইতিহাস সমিতি;

লাহিড়ী, শিবপ্রসন্ন (১৩৬৮), ‘সিলেটী ভাষাতত্ত্বের ভূমিকা’,  ঢাকা : বাংলা একাডেমি;

শহীদুল্লাহ্, মুহম্মদ (১৯৭৩), ‘বাংলা ভাষার ইতিবৃত্ত’, ঢাকা: রেনেসাঁস;

হাই, মুহম্মদ আবদুল (১৯৬২), ‘সিলেটী’, ‘পরিক্রম’ (২য় বর্ষ ৭ম সংখ্যা; ফাল্গুন ১৩৬৯), ঢাকা।

Allen, B.C. (1905). `Assam District Gazetter, Vol. II  (Sylhet), Calcutta;

Bourdieu, P. (1991). Language and Symbolic Power, Harvard University Press (US) & Polity Press (UK);

Chatterji, Suniti kumar. (1986). `The origin and Development of the Bengali Language’, Vol-I,  Delhi : Rupa and Co;

David & Nancy Spratt. (1987). `The Phonology of Bangla’. (Revised). England : Horsleys Green;

Fishman, J. A. (1972). The Sociology of Language, Newbury House Publishers in Rowley, Mass;

Ferguson, C. A. (1959). Diglossia. Word, 15(2), 325–340;

Foucault, M. (1972). The Archaeology of Knowledge; Pantheon Books in NewYork & Tavistock Publication in UK;

Gait, Edward A.. (1892). `Census of India 1891, Assam, Vol. II’. Shillong: Assam Secretariat Printing Office;

Grierson, G.A. (1903), `Linguistics Survey of India’, Vol-v, part-1: ‘Indo-Aryan family Eastern Group  Specimens of the Bengali and Assamese Language’. Calcutta Rept. New Delhi;

Halder, Gopal. (1986. `A comparative Grammar of East Bengali Dialects. Calcutta : Putipatra;

Mahanta, S., & Gope, A. (2018). `Tonal features in Sylheti’. Linguistic Typology, 22(2), 321–345.

Rizvi, S.N.H. (1970). `Bangladesh District Gazetter : Sylhet’. Dacca : East Pakistan Goverment Press;

Simard, C., Dopierala, S. M., & Thaut, E. M. (2021). ‘Introducing the Sylheti language’. Language Documentation & Description, 19, 1–25.

Thomason, S. G. (2001). `Language Contact: An Introduction’. Edinburgh University Press;

Trudgill, P. (2000). `Sociolinguistics: An Introduction to Language and Society’. Penguin;

Weinreich, U. (1953). Languages in Contact:Findings and Problems ;NewYork: Linguistic Circle of NewYork.

  • Support Shuddhashar

    Support our independent work, help us to stay pay-wall free by becoming a patron today.

    Join Patreon

Subscribe to Shuddhashar FreeVoice to receive updates

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Subscribe to Shuddhashar FreeVoice to receive updates

শুদ্ধস্বর
error: Content is protected !!