সম্পাদকীয়
৩১অক্টোবর, ২০১৫ সালের ঘটনার পর শুদ্ধস্বর অস্তিত্বহীন হওয়ার পর্যায়ে পৌঁছে গিয়েছিল। সেই আঘাত আমাদের কার্যক্রম থেকে, বন্ধু ও সহকর্মী সবার কাছ থেকে বিচ্ছিন্ন করে দিয়েছিল। তারপর নির্বাসন জীবনের অপরিচিত ও অবর্ণনীয় কঠিন পরিস্থিতি অতিক্রম করে পুনরায় শুরু করাটা ছিল একটা কঠিন চ্যালেঞ্জ। কিন্তু বাক-স্বাধীনতা, মানবাধিকার, সাম্য ও ন্যায্যতা ভিত্তিক সমাজের স্বপ্ন এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও সংস্কৃতির প্রতি অঙ্গীকার এই চ্যালেঞ্জ গ্রহণে আমাদের নিরন্তর সাহস যুগিয়েছে। এছাড়া বিশ্বব্যাপী মুক্তচিন্তা ও মত প্রকাশের স্বাধীনতার আন্দোলনে লড়াইরত বন্ধুদের সহমর্মিতা এবং বন্ধুত্ব শুদ্ধস্বরের কার্যক্রম পুনরায় শুরু করতে অনুপ্রাণিত করেছে। এবং এভাবেই ২০১৭ সালের জানুয়ারি থেকে শুদ্ধস্বর বিকল্প মাধ্যম হিসেবে অনলাইনে যাত্রা শুরু করে। শুদ্ধস্বরের নিয়মিত চর্চার অংশ লিটল ম্যাগাজিন ও বই প্রকাশের সুযোগ নতুন এই পথযাত্রায় না থাকায় কাজের বিষয়-বৈচিত্র্য এবং ধরনে অনেক পরিবর্তন আনতে হয়। ২০১৫ সালের সেই ঘটনা এবং নির্বাসনের কারণে শুদ্ধস্বরের পরিচিতি, সংযুক্ততা, চিন্তা এবং অঙ্গীকার বহুমাত্রিকভাবে আন্তর্জাতিক পরিসরে পৌঁছে যাওয়ায় এবং কিছু স্বর-সম্মিলনের প্রেক্ষাপট তৈরি হওয়ায় ভাষা হিসেবে ইংরেজি ও নরওয়েজিয়ান ভাষাকেও যুক্ত করে নেওয়া হয়। এই পরিবর্তন এবং রূপান্তর কোনোভাবেই নিজেদের আদি পরিচয় মুছে ফেলার উদ্দেশ্যে নয়। বরং এইগুলো ছিল পরিবর্তিত পরিস্থিতিতে নিজেদেরকে বিলুপ্তির পথে না নিয়ে নিজস্ব চিন্তা ও অঙ্গীকারকে ছড়িয়ে দেওয়া এবং মিথস্ক্রিয়ার বিস্তৃতি ঘটানো। আমাদের বাস্তবসম্মত এই পদক্ষেপের কারণে গত পাঁচ বছরে আন্তর্জাতিক পরিসরে শুদ্ধস্বরকে বাক-স্বাধীনতা, সমঅধিকার ও সৃষ্টিশীলতার অন্যতম প্লাটফর্মে পরিণত করেছে। মৌলবাদ, কর্তৃত্ববাদ, নারী-অধিকার বিরোধী এবং সমকাম-অধিকার বিরোধী শক্তির বিরুদ্ধে বিশ্বব্যাপী শুদ্ধস্বর এখন লেখালেখির লড়াইয়ের এক অনুকরণীয় নাম।
লেখালেখি অবশ্যই এক অবিনাশী লড়াই। শুদ্ধস্বরের সাথে সবচেয়ে পুরোনো সম্পর্ক হলো কবিতার। কবিতাকে আমরা সাহিত্যের সব শাখার এবং চিন্তা প্রকাশের আদি মাধ্যম বলে মনে করি। কবিতার কাছে আমাদের তাই ফিরে আসতে হয় বারবার। আমরা গর্ব ও আনন্দের সাথে স্মরণ করি, ১৯৯০ সালে লিটল ম্যাগাজিন শুদ্ধস্বরের প্রথম সংখ্যা এবং ২০০৪ সালে প্রকাশক শুদ্ধস্বর প্রকাশিত প্রথম বইয়ের কথা- দুটিই ছিল কবিতার। বিগত পাঁচ বছরে অনলাইন পথযাত্রায় শুদ্ধস্বর দুটি বিশেষ কবিতা সংখ্যা প্রকাশ করেছে। সেগুলো ছিল পৃথিবীর বিভিন্ন দেশের বাংলা, ইংরেজি ও নরওয়েজিয়ান ভাষার কবিদের অংশগ্রহণের সম্মিলন। এবার বাংলা নববর্ষ ১৪২৯ উপলক্ষ্যে শুধুমাত্র বাংলাভাষী কবিদের কবিতা ও কবিতা বিষয়ক কিছু প্রশ্নের উত্তর নিয়ে এই বিশেষ সংখ্যাটির আয়োজন করা হলো। কবিদের একগুচ্ছ কবিতার সাথে শুদ্ধস্বর থেকে পাঠানো পাঁচটি প্রশ্নের উত্তরও দিয়েছেন প্রত্যেক কবি। মূলত, প্রশ্নগুলোর উদ্দেশ্য ছিল কবির চিন্তাকে একটুখানি উসকে দিয়ে সমসাময়িকতা, দৃষ্টিভঙ্গি, পঠন, মূল্যায়ন ইত্যাদি বিষয়ে প্রচলিত কাঠামোর বাইরের কিছু পর্যবেক্ষণ সম্পর্কে জানা এবং জানানো। একই প্রশ্নের উত্তরে চব্বিশ জন কবির ভিন্ন আঙ্গিকের জবাব পুরো প্রশ্নোত্তর পর্বটিকে একটি অসাধারণ বিতর্কের আবহ দিয়েছে বলে আমাদের ধারণা। তবে আমরা বিনীতভাবে বলতে চাই যে, কবিদের মতামত তাঁদের নিজস্ব। এখানে অনেক মতামত আছে যেগুলোর সাথে শুদ্ধস্বর সম্পাদকীয় নীতিমালায় একমত পোষণ করে না। কিন্তু আমরা সবসময় সবধরণের গঠনমূলক বিতর্ক, মতামত এবং ভিন্নমত চর্চাকে উৎসাহিত করি।
অতিমারি জনিত নানাবিধ সংকট এবং যুদ্ধাবস্থার ত্রাসের মধ্যে এই পৃথিবী অতিক্রম করছে এক কঠিন সময়। সহাবস্থান, ভ্রাতৃত্ব ও মানবতাবোধের উজ্জীবনের বদলে পৃথিবী এখনো সেই পুরোনো আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদের নতুন মুখোশে পুরোনো চেহারার মুখোমুখি দাঁড়িয়ে। এসবই হতাশা আর আতঙ্কের লক্ষণ। এই পরিস্থিতিতেও আমরা মন জাগানোর গান গাই, কবিতা লিখি। আমরা একটি ক্ষুধামুক্ত, বৈষম্যমুক্ত, সম-অধিকারসম্পন্ন বিশ্বের স্বপ্ন দেখি এবং সেই বিশ্ব গড়ে তোলার জন্য কাজ করি।
সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।